নবীন পুলিশদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ জনগণের আস্থাভাজন হলে তারা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে।
বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, আপনারা ভবিষ্যৎ পুলিশ নেতৃত্ব। আপনাদের ওপর পুলিশ বাহিনীর মর্যাদা নির্ভর করে। তাই আপনারা সততার সাথে দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে।
বাহারুল আলম বলেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন পুলিশের কাছে জনগণের প্রত্যাশা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। আইনশৃঙ্খলার রক্ষক হিসেবে পুলিশকে জনগণের আবেগ অনুভূতির সাথে একাত্ম হয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে। আপনাদের সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং নতুন নতুন আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।