আউট-ভাগ যাও, গুলি মার দেয় গা -বলে বিএসএফের হুমকি
কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর সীমান্ত এলাকার পুকুরের পাড়ে তারকাঁটার বেড়া তুলছে বিএসএফ। পুকুরটির ভারত-বাংলাদেশে যৌথ সীমানায় অবস্থিত। উভয় দেশের বাসিন্দারা সেখানে গোসল করে ও প্রয়োজনীয় পানি সংগ্রহ করে।
সোমবার দুপুরে সরেজমিনে শাহাপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে সীমান্তের উভয় পাশের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে সীমান্ত ছাড়ার হুমকি দেয়। ‘আউট,ভাগ যাও, গুলি মার দেয়-গা’ -বলে স্থানীয়দেরকে হুমকি দেয়।
সীমান্ত পিলারের দেড় শ’ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের ভিতরে সীমান্ত বেড়া দেওয়া আইনগত নিয়ম হলেও ভারতীয়রা তা মানছে না। বিজিবির দাবি, ‘নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’
শাহাপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, আমরা আগে শুনতাম দেড়শ গজের ভেতরে কোনো বেড়া দেওয়া যাবে না। কিন্তু ভারতীয়রা এখন মাত্র ২০ গজের মধ্যেই বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন বলেন, আমরা এলাকাবাসীরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দিচ্ছে, তারা (বিএসএফ) আমাদেরকে সেই সুযোগও দিচ্ছে না। গুলি দেখিয়ে আমাদেরকে সরে যেতে বলেন। ২০ গজের মধ্যে বেড়া দিলে তো আমরা এলাকাবাসীরা বিপদে পড়বো কারণ এখান দিয়ে তখন হাঁটাচলাও করা যাবে না। আমাদের জমি আছে এগুলো আমরা ব্যবহার করতে পারব না। ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে।
সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।
শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।
এই বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, নিয়ম অনুযায়ী বিএসএফ ১৫০ গজের ভিতরে তারকাঁটার বেড়া দিচ্ছে। আমরা পর্যবেক্ষণ করছি। ১৫০ গজের ভিতরে তারকাঁটার বেড়া দেয়া হলে আমরা প্রতিবাদ জানাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএস