হোম > জাতীয়

ভুয়া পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, ১৩ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

অন্যের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ চুরি করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর-বর্তমানে বিজিবি) সিপাহী পদে যোগদান এবং দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি বেতন-ভাতা আত্মসাতের দায়ে অবসরপ্রাপ্ত এক সিপাহীকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. আকবর আলী (ছদ্মনামধারী মো. জাহাঙ্গীর আলম)। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহী ছিলেন।

বুধবার ঢাকার নয় নম্বর বিশেষ জজ মো. আব্দুস সালামের আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে জরিমানা এবং চাকরিকালে উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার জন্য তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

দুদক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাজার তথ্য নিশ্চিত করেন।

রায়ে বিচারক উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির পৃথক চারটি ধারায় তাকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে এক ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, আরেক ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, আরেক ধারায় ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং অন্য ধারায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালতের রায়ে বলা হয়েছে, আসামির মোট ১৩ বছরের সশ্রম কারাদণ্ডের মেয়াদ একটির পর অন্যটি কার্যকর হবে। অর্থাৎ তাকে ১৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি গ্রেপ্তার হওয়া বা আদালতে আত্মসমর্পণের দিন থেকে এই সাজা গণনা শুরু হবে এবং পূর্বের হাজতবাস দণ্ড থেকে বাদ যাবে।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মো. মহিরউদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং চৌহালীর রেহাই কাউলিয়া গ্রামের মো. আকবর আলী। সে সময় জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্বের সনদ জমা দিয়ে চাকরির জন্য নির্বাচিত হন। কিন্তু পারিবারিক কারণে তিনি যোগদান করেননি। অন্যদিকে আকবর আলী নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন।

জাহাঙ্গীর আলমের যোগদান না করার সুযোগ কাজে লাগিয়ে আকবর আলী তার অগোচরে জাহাঙ্গীর আলমের নাম, বাবার নাম, ঠিকানা ও সনদপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরের সিপাহী পদে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ মে পর্যন্ত চাকরি করে অবসর গ্রহণ করেন।

দুদকের তদন্তে উঠে আসে, অপরাধ ধামাচাপা দিতে আকবর আলী ১৯৮৪ সালে বিয়ের নিকাহনামাতেও নিজেকে ‘জাহাঙ্গীর আলম, পিতা-মহির উদ্দিন’ হিসেবে পরিচয় দেন। পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে জন্মতারিখ এবং বাবার নাম পরিবর্তন করেন। এমনকি ১৯৮৭ সালে নিজের ভুয়া ঠিকানা (কোনাগাতী গ্রাম) যমুনা নদীতে বিলীন হওয়ার মিথ্যা তথ্য দিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে চৌহালীর রেহাই কাউলিয়ায় স্থানান্তর করেন। পরবর্তী সময়ে তিনি ‘মো. জাহাঙ্গীর আলম’ নাম ও ‘জসিম উদ্দিন মন্ডল’ বাবার নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) তৈরি করেন।

ভুয়া পরিচয়ে বিডিআরে চাকরির বিষয়টি জানার পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পরবর্তী সময়ে দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরবর্তী সময়ে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এ মামলায় বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী

আদানির একটি ইউনিট বন্ধ থাকছে ২৫ দিন, লোডশেডিং কি বাড়বে

সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি-অনিয়ম চলবে না: জামায়াত এমপি কামাল

জুলাই জাদুঘরে ৫৯০ শহীদের স্মারক নিয়ে দেশের বৃহত্তম প্রদর্শনী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানাল ইসি

সাদিক কায়েমসহ জুলাই যোদ্ধাদের পরিবারের নিরাপত্তা চাইলেন ৭৪ বিশিষ্ট নাগরিক

আ.লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

প্রতিবন্ধী শিশুদের স্বপ্নপূরণে দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন