হোম > জাতীয়

তেজগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর কারখানায় মিললো শ্রমিকের লাশ

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নিখোঁজের তিনদিন পর একটি শিল্পপ্রতিষ্ঠানের জেনারেটর কক্ষ থেকে এক কিশোর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মো. বিজয় (১৭)। তিনি তেজগাঁওয়ের সলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনারের কাজ করতেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে বিজয় নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বনানী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে রোববার (১ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ভবনের পাশে সলিম ইন্ডাস্ট্রিজের পেছনে জেনারেটর রুমের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. বাদল গোমস্তা জানান, উদ্ধারকৃত লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক আলামত অনুযায়ী ধারণা করা হচ্ছে, বিজয়কে হত্যা করে লাশ ওই কক্ষের ভেতর রেখে দেওয়া হয়েছিল। নিহত কিশোরটি সংশ্লিষ্ট কারখানায় ক্লিনারের কাজ করতেন।

নিহত বিজয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। কর্মসূত্রে তিনি পরিবারের সঙ্গে মহাখালীর সাততলা বস্তিতে বসবাস করতেন। পরিবারের সদস্যরা জানান, কাজ শেষে বাসায় না ফেরায় তারা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ঘটনার নেপথ্যের কারণ, অভিযুক্তের সম্পৃক্ততা এবং অন্য কেউ জড়িত আছে কি না-এসব বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: ১৭৬ মামলায় জরিমানা আদায় সোয়া ১৮ লাখ

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

মাঘের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি

এপস্টেইন ফাইল নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন, ফোন করা যাবে যেসব নম্বরে

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‌্যাবের সর্বোচ্চ নিরাপত্তা

পবিত্র শবে বরাত আগামীকাল

আগামীকাল বাজারে আসছে ১০ টাকার নতুন নোট