হোম > জাতীয়

আর্জেন্টিনার সঙ্গে ফুটবল সম্পর্ককে বাণিজ্যে রূপান্তর করতে চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে থাকা আবেগপূর্ণ সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে বিশেষত বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগানোর জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার প্রতি এ আহ্বান জানান তিনি।

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এর ওপর ভিত্তি করে আরও এগোতে পারি। মাঠ প্রস্তুত। আমরা এটি অন্যান্য ক্ষেত্রেও নিয়ে যেতে পারি।’ বাংলাদেশের সাথে তুলা বাণিজ্য বৃদ্ধি ও এখাতে সম্পূর্ণ মালিকানাধীন বা যৌথ উদ্যোগে বিনিয়োগ সুযোগ খুঁজে দেখতে এবং জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত সেসা জানান, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে এখনও সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা উভয় দেশের জন্য বিপুল সম্ভাবনা ধারণ করে। আর্জেন্টিনার বুয়েনেস আয়ারেসে বাংলাদেশের দূতাবাস চালু হলে যে সুসম্পর্ক আমাদের রয়েছে, তা আমরা উভয় দেশের কল্যাণে কাজে লাগাতে পারবো।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, বর্তমানে আর্জেন্টিনার বাংলাদেশের সাথে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে, যা তার দেশের পক্ষে ঝুঁকে আছে। আর্জেন্টিনার সরকার বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যে সমতা আনার চেষ্টা করছে।

বর্তমানে আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গম, ভুট্টা, কাঁচা তুলাসহ অন্যান্য পণ্য রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করে। তুলা, যৌথ বিনিয়োগ, ওষুধ শিল্প, টেক্সটাইল, নারী ফুটবলসহ ফুটবল খেলায় সহযোগিতা বৃদ্ধি, ক্ষুদ্রঋণ, বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ, এলএনজি ও ধানের রোগ প্রতিরোধসহ বিভিন্নখাতে নিবিড়ভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত।

২০২৪ সালের ২৯ আগস্ট জোরপূর্বক গুম প্রতিরোধে বাংলাদেশের আন্তর্জাতিক গুমবিরোধী সনদে স্বাক্ষর করার প্রতিশ্রুতির প্রশংসা করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। আর্জেন্টিনায় ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের