আসন ৭১%-২৬% ভোট ৫০%-৩৭%
বিএনপি নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২১২ আসন পেয়েছে। আসনের শতকরা হিসাবে এটা ৭১ শতাংশ। অন্যদিকে জামায়াত জোট পেয়েছে ৭৭ আসন। শতকরা হিসাবে এটা ২৬ শতাংশ। স্বতন্ত্ররা সাতটি আসন বা ২ শতাংশের একটু বেশি আসন পেয়েছে। একটি আসন পেয়েছেন ইসলামী আন্দোলন বা হাতপাখার প্রার্থী।
একটি আসনে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। কিন্তু ২৯৯ আসনে ভোটের হিসাব করে দেখা গেছে মোট ভোট পড়েছে ৭ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৮৯০। এর মধ্যে বিএনপি জোটের প্রার্থীরা মোট ভোট পেয়েছেন ৩ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৭২টি। ভোটের শতকরা হিসাবে এটা প্রায় ৫০%। অন্যদিকে জামায়াত জোটের প্রার্থীরা পেয়েছেন ২ কোটি ৮২ লাখ ৫২ হাজার ৭১৭টি। শতকরা হিসাবে এটা প্রায় ৩৭%। ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছেন ৯৬ লাখ ৪৯ হাজার ৭০১ ভোট। শতকরা হিসাবে এটা প্রায় ১৩%। জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। স্থগিত আসনের ফলাফল যুক্ত হলে এই চিত্র হেরফের হবে। ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও ৪৩টি দলের প্রার্থীদের কেউই জয়ের মুখ দেখেননি।
বিএনপি জোটে শরিক বিজেপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনের একজন করে প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া শরিক জমিয়তে উলামায়ে ইসলামকে ৪টি আসন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে একটি করে আসন দিলেও তারা কেউ জয়ী হতে পারেননি।
অন্যদিকে জামায়াত জোটের শরিক এনসিপিকে ২৯টি আসন দিয়েছিল। তাদের প্রার্থীরা ৬টি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসকে ২৩টি আসন দিলেও তারা মাত্র ২টি আসনে জেতে। অন্যদিকে, খেলাফত মজলিসকে ১০টি আসন ছেড়ে দেয় জামায়াত। তারা একটি আসনে জয়ী হয়।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ৪টি, আমার বাংলাদেশ পার্টিকে ৩টি আসন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ২টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ১টি আসন দিলেও তারা কোনো আসনেই জয়ী হতে পারেনি।