ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে- এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করতে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
শনিবার হাইকমিশনের ফেসবুক পেজে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে প্রবাসীদের কর্মরত দেশের আইন, কর্মস্থলের নীতিমালা, এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনসহ পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, এবং চাকরি-নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।
এছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা এবং কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার জন্য বলা হয়েছে হাইকমিশনের নির্দেশনায়। একই সঙ্গে গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে- এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
তা ছাড়া যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার পরামর্শ রয়েছে।
প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে- এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়ার পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সবশেষে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।