বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে যোগাযোগের পর পতাকা বৈঠকের মাধ্যমে কুমিল্লা সীমান্তে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে ফেরত আনা হয়েছে।
শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী প্রধান সীমান্ত পিলার ২০৫৯-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
বৈঠকে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে বিএসএফের হেফাজতে থাকা দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি ওই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, মাদক কারবারি ধরতে অভিযান চালানোর সময় সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন। পরে তাদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ এবং পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।