হোম > জাতীয়

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

আমার দেশ অনলাইন

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ভিডিও থেকে নেওয়া

অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন । সোমবার দুপুর ২টায় কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, তার দল বিএনপি যাতে বিব্রত না হয়, সেজন্যই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে মাদকবিরোধী অভিযান সমন্বয় করতে গিয়েছিলেন, আর তার হাতে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিল নিজের নিরাপত্তার জন্য। কিন্তু সেই ছবি দিয়ে মূলধারার সংবাদমাধ্যমগুলো ‘নানা ধরনের ন্যারেটিভ’ তৈরি করে ‘বিভিন্ন ধরনের খবর’ প্রকাশ করতে শুরু করে।

পদত্যাগী এই প্রতিমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের ভূমিকায় আমি হতাশ হয়েছি, কেন আমাকে এভাবে টার্গেট করা হলো!’

তিনি দাবি করেন, ওই ঘটনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তিনি নিজেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে বলেছেন, তিনি পদত্যাগ করতে চান, যাতে দল বিব্রত না হয়, প্রধানমন্ত্রীর কাজ বাধাগ্রস্ত না হয়।

সরকারের দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইশরাক বলেন, ‘আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি প্রধানমন্ত্রীর কাছে। আমি মাদক নির্মূলে কাজ করার অনুমতি চেয়েছি। তিনি সুযোগ করে দিয়েছেন।’

এর আগে, সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের কথা নিশ্চিত করেন। রোববার রাতে তার পদত্যাগ নিয়ে নানা নাটকীয়তা ও গুঞ্জন চলে।

ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

পদত্যাগের পর তার পরবর্তী রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

গত শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। সেই সময় অস্ত্র হাতে লোকজনকে তাড়া করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে এক বিবৃতিতে তিনি ব্যাখ্যা দেন, গোয়েন্দা সূত্রে তার ওপর হামলা ও ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণের সুনির্দিষ্ট আশঙ্কার সতর্কবার্তা ছিল। ফলে আত্মরক্ষার্থে তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।

রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে ডেকে পদত্যাগের নির্দেশনা দেন বলে রাষ্ট্রায়ত্ত বিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

শুরুতে রোববার রাত পৌনে ১১টায় ইশরাক হোসেন নিজের পেজে তা অস্বীকার করে লেখেন, ‘গণমাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবর অসত্য ও বিভ্রান্তিকর।’

পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে আরেক পোস্টে তিনি ব্যাখ্যা দিয়ে লেখেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আসা মাত্রই তা কার্যকর হওয়া বাধ্যতামূলক বা স্বয়ংক্রিয়। তাই এ বিষয়ে বিভ্রান্তির সুযোগ নেই এবং কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

অবশেষে সোমবার সকালে নিজেই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়ে পদত্যাগের গুঞ্জনের অবসান ঘটান তিনি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উদ্দেশে ইশরাকের বার্তা

বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

দেশে হাম উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

রংপুরের কারখানার বিশ্বজয়, জিতল আন্তর্জাতিক পুরস্কার

মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, পাবেন না যারা

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এক ক্যাম্পাসে সব মন্ত্রণালয়, ভিত্তিপ্রস্তর ১৬ ডিসেম্বর

আনারকলি ফল চাষে কেন আগ্রহ বাড়ছে কৃষকদের

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু