ত্রয়োদশ সংসদ নির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। নির্বাচন কমিশন থেকে ২৯৭ আসনের ফল প্রকাশিত হয়েছে, তবে একটি আসনে ভোট স্থগিত এবং দুটি আসনের ফল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষণা হবে না।
ফল বিশ্লেষণে দেখা গেছে, ৫১ দলের মধ্যে ৪২টি দল কোনো আসনই জয় লাভ করতে পারেনি। ২৯৭ আসনের মধ্যে বিএনপি জিতেছে ২০৯টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে। এছাড়া এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। এই তিনটি দলই ১১-দলীয় জোটে অন্তর্ভুক্ত।
একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস। সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।
ফল বিশ্লেষণে দেখা গেছে, ছোট ও নতুন রাজনৈতিক দলগুলো শতাধিক আসনে প্রার্থী দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলকেন্দ্রিক মেরুকরণ, জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট দলগুলো হতাশার মুখোমুখি হয়েছে।
ফলে ত্রয়োদশ সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল এবং কিছু স্বতন্ত্র সদস্য। বাকিদের জন্য এই নির্বাচন হয়েছে হতাশার অধ্যায়।
নির্বাচনে কোনো আসন পাননি এমন উল্লেখযোগ্য দলগুলো:
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ও জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএমএল, মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
ফলে, নির্বাচনের কেন্দ্রীকরণ এবং বড় দল ও জোটকেন্দ্রিক ধারা ছোট দলগুলোর প্রভাব সীমিত করেছে।
এসআর