হোম > জাতীয়

নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদ অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা ফিরিয়ে আনা, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। সেই সঙ্গে আসর ও মাগরিবের নামাজের জন্য যে বিরতি দেওয়া হয়, সেই সময়টুকু কাজে লাগিয়ে সুস্থ মুসলিম সদস্যদের মসজিদে উপস্থিত হয়ে নামাজ পড়া উচিত বলে উল্লেখ করেন তিনি।

এ সময় সংসদ সদস্যদের আমল ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি সংসদে নামাজের বিরতি যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দেন। পরে স্পিকার বিষয়টি ব্যক্তিগত ধর্ম পালনের স্বাধীনতার অংশ উল্লেখ করে সংসদীয় বিধি ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ রুলিং প্রদান করেন।

অধিবেশনে অপর এক পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামের হাটহাজারীতে সামরিক মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় দুজন সেনাসদস্যের প্রাণহানির বিষয়টি উপস্থাপন করা হলে পয়েন্ট অব অর্ডারের সঠিক নিয়ম স্মরণ করিয়ে দেন স্পিকার।

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পৃথক বিষয়ে কথা বলেন তিন সংসদ সদস্য।

সংবিধানে ঈমান ও আস্থার বিধানের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, সংবিধানে অতীতে আল্লাহর প্রতি ঈমান ও আস্থা সংক্রান্ত বিধান মূল উৎস হিসেবে ছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। দেশের ৯০ শতাংশের বেশি মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে উল্লেখ করে তিনি সংসদে আসর ও মাগরিবের নামাজের বিরতির কথা মনে করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতার দায়িত্ব পেলে মূল কাজ হলো সালাত কায়েম ও জাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করা।

রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ ও জাকাত চালুর তাগিদ দিয়ে স্পিকার ও প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনিক উদ্যোগে নামাজ কায়েম ও জাকাত চালু হলে নাগরিকদের চরিত্র গঠনের পাশাপাশি পরকালের জবাবদিহিতার পথ সুগম হবে।

সংসদ সদস্য মুজিবুর রহমানের বক্তব্যের জবাবে অধিবেশনের চেয়ার থেকে স্পিকার বলেন, ধর্ম পালনের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের ওপর নির্ভরশীল। ইসলাম মানবতার ধর্ম উল্লেখ করে স্পিকার জানান, সঠিক উপায়ে ধর্ম পালন করলে বেহেশত পাওয়া যাবে আর অবহেলা করলে জাহান্নামে যেতে হবে এটিই সুনির্দিষ্ট বিধান।

স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, সংসদীয় কোনো নোটিশ জারি করে কাউকে জোরপূর্বক ধর্ম পালনে বাধ্য করা যায় না। তবে বক্তব্যে প্রকাশিত অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে সবাই যেন আল্লাহর বিধান মেনে চলেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

জাতিসংঘে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললেন খলিলুর রহমান

বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশি সংস্থার ত্রাণ

সুপ্রিম কোর্টে ভবন নির্মাণে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে তিনদিন বৃষ্টির পূর্বাভাস

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: এলজিআরডি প্রতিমন্ত্রী