সকলের সহযোগিতা নিয়ে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ সকালে রাজধানীর মিরপুর-২-এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ঢাকাকে ক্লিন ও গ্রিন রাখার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা বাস্তবায়নের জন্য অনুশাসনও জারি করা হয়েছে। অনুশাসন জারির পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত ও মশামুক্ত রাখতে স্কুল-কলেজের মাধ্যমে প্রতি সপ্তাহে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসক আরও বলেন, শুধু সিটি কর্পোরেশন নয়, প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তিনি বলেন, “ঢাকা শহর আপনার-আমার সবার। এই শহরকে পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। চলার পথে হাতে থাকা টিস্যু কিংবা ছোট পানির কনটেইনারসহ যেকোনো বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাহলে রাস্তার আশপাশে টিস্যু বা বিচ্ছিন্নভাবে কোনো আবর্জনা দেখা যাবে না। আমরা সবাই মিলে একটি সুন্দর নগর উপহার দিতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।