হোম > জাতীয়

পাঁচ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রেলযোগাযোগ চালু

আমার দেশ অনলাইন

ভারি বৃষ্টিতে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় পাঁচ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেলযোগাযোগ। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে।

রেলওয়ে জানিয়েছে, পর্যটক এক্সপ্রেসের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত অন্যান্য ট্রেনও একই রুটে যাত্রী পরিবহন করবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, টানা বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ষোলশহর-দোহাজারী সেকশনের জান আলী হাট স্টেশনের পূর্ব পাশে শমসেরপাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার রেলপথ পানিতে তলিয়ে যায়। সেখানে পানির উচ্চতা রেলপথের ওপর সর্বোচ্চ ২১ ইঞ্চি পর্যন্ত পৌঁছায়। অথচ রেলের লোকোমোটিভের ট্রাকশন মোটরের নিরাপদ চলাচলের জন্য সর্বোচ্চ ৪ থেকে ৫ ইঞ্চি পানিতে চলার নির্দেশনা রয়েছে। ফলে গত মঙ্গলবার থেকে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রেলওয়ে।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ জানান, পানির স্তর কমে আসার পাশাপাশি জরুরি প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের ফলে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। শনিবার রাত পর্যন্ত নিচু অংশে প্রায় ৪ ইঞ্চি পানি থাকলেও লাইন লিফটিংয়ের মাধ্যমে মধ্যরাতে রেললাইনকে পানির স্তর থেকে অন্তত ১০ ইঞ্চি ওপরে উন্নীত করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শনিবার দিবাগত রাত ও রোববার সকালে নতুন করে ভারি বৃষ্টিপাতের কারণে সকালের কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। এরপর পরিস্থিতির উন্নতি হলে পর্যটক এক্সপ্রেসকে প্রথম ট্রেন হিসেবে কক্সবাজারের উদ্দেশে যাত্রার অনুমতি দেওয়া হয়।

গত মঙ্গলবার রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস মাঝপথে আটকা পড়ে। পর্যটক এক্সপ্রেসের কক্সবাজারগামী অংশের যাত্রা বাতিল করা হয় এবং প্রবাল এক্সপ্রেস জান আলী হাট স্টেশন পর্যন্ত যাত্রা শেষ করে। বাতিল হওয়া অংশের টিকিটের অর্থ যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে।

ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জবি ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামায়াত আমির!

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস বিচার কার্যক্রম বন্ধ

রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তি