হোম > জাতীয়

রাজনীতিবিদ সফরসঙ্গী হওয়ায় নানা আলোচনা

প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর

বিশেষ প্রতিনিধি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি একটি বাণিজ্যিক ফ্লাইটে রাতে ঢাকা ত্যাগ করে আগামীকাল নিউ ইয়র্কে পৌঁছবেন।

এবার জাতিসংঘ সফরে তার সফরসঙ্গী হিসেবে চার রাজনীতিবিদ যাচ্ছেন। তারা হলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তাদের বাইরে আরো একাধিক রাজনীতিক যুক্তরাষ্ট্রে যুক্ত হতে পারেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের উপস্থিতি এ সফরে ভিন্নমাত্রা যোগ করেছে।

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের এটি দ্বিতীয়বার জাতিসংঘ সম্মেলনে যোগদান। গত বছর তিনি প্রথমবার জাতিসংঘ সম্মেলনে যোগ দিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে সরকার। এ হিসেবে এবারের সফর হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার শেষ জাতিসংঘ সফর।

এদিকে সফরে রাজনীতিবিদদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। অবশ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার রাজনীতিবিদদের কাছে দেশ পরিচালনার ভার হস্তান্তর করার প্রক্রিয়ার দিকে যাচ্ছে বলেই সফরে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎ হওয়ার সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গত এক বছরে দেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় বিশ্বদরবারে তুলে ধরবেন।

বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ

এবারের জাতিসংঘ সম্মেলন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এ অধিবেশন চলাকালে ৩০ সেপ্টেম্বর ‘হাইলেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সভা হবে। এ সভায় সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নিজেই। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ সাধারণ পরিষদে এবারই প্রথম উচ্চপর্যায়ের সভা হতে যাচ্ছে। এ সভা থেকে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের একটি কার্যকর পরিকল্পনা আসতে পারে।

সফরসঙ্গী নিয়ে নানা আলোচনা

খোঁজ নিয়ে জানা গেছে, সফরের প্রস্তুতির শেষ দিকে রাজনীতিবিদদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত এসেছে। গত ১৭ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা চার রাজনীতিককে সফরসঙ্গী করার বিষয়টি গণমাধ্যমকে জানান। সেদিনই তাদের জন্য ভিসা প্রসেসসহ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সফরে তিনটি দলের প্রতিনিধি যুক্ত করার বিষয়টি নিয়ে যেমন এক ধরনের সমালোচনা হচ্ছে, তেমনি দুটি দলের একজন করে এবং একটি দলের দুজন প্রতিনিধির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দলগুলো থেকে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে আরো জানা গেছে, সফরসঙ্গী হিসেবে বিএনপির দুই প্রতিনিধি থাকার কারণে জামায়াতের পক্ষ থেকে এক ধরনের আপত্তি তোলা হয়। পরে জামায়াত ও এনসিপিকে আরেকজন করে প্রতিনিধির নাম দেওয়ার প্রস্তাব সরকারের পক্ষ থেকে এসেছিল। অবশ্য সময়স্বল্পতার কারণে সেটা আর হয়নি। তবে নিউ ইয়র্কে কোনো এক প্রক্রিয়ায় দল দুটির প্রতিনিধি যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলেও নির্বাচনের আগে-পরে সংস্কার, সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষে পিআর পদ্ধতিসহ ‘জুলাই সনদ’ এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। এরই পরিপ্রেক্ষিতে তিনটি গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্র সফরকে ভিন্নভাবে বিবেচনা করা হচ্ছে। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এ দলগুলোর শীর্ষ নেতাদের একত্র হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

১২ দিনের বিদেশ সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের একাধিকবার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলাপ হতে পারে। পাশাপাশি তিনটি দলের নেতাদের মধ্যেও আলাপ-আলোচনার মধ্যেমে এক ধরনের বোঝাপড়া হতে পারে।

সরকারের সূত্রে জানা গেছে, দলগুলোর নেতাদের সফরে যুক্ত করার পেছনে বিদ্যমান সংকট নিরসনের একটি উপায় হিসেবেও বিবচেনা করা হচ্ছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে একটি হোমওয়ার্কও করা হয়েছে। উপদেষ্টা পদমর্যযাদার এক দায়িত্বশীল এর নেপথ্যে কাজ করছেন। প্রধান উপদেষ্টার সফল লন্ডন সফরে বৈঠকে ভূমিকা পালনকারী ওই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাবেন। এরপর অমীমাংসিত রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের প্রতি ইঙ্গিত করে সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ গণমাধ্যমকে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তারা ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান। তবে ব্যর্থ হলে তা ২ অক্টোবরের পর চলে যেতে পারে।

জানা গেছে, অধ্যাপক আলী রীয়াজ ব্যক্তিগত সফরে এরই মধ্যে যুক্তরাষ্ট্র গেছেন। তবে তিনি জাতিসংঘ সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা আমার দেশকে বলেন, প্রধান উপদেষ্টা বিশেষ কোনো উদ্দেশ্যে রাজনীতিকদের সফরসঙ্গী করেছেন, বিষয়টি তা নয়। তবে সফরকালে তাদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে জুলাই সনদের জট খুললে অবাক হওয়ার কিছু থাকবে না। লন্ডন সফরের মতো এবারের যুক্তরাষ্ট্র সফর থেকে দেশবাসী ভালো কিছু পেতে পারে।

রাজনীতিবিদদের সফরসঙ্গী করার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘আমরা একটি পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনার ভার হস্তান্তর করা হবে। সে হিসেবে তাদের আমরা অন্তর্ভুক্ত করেছি।’

অবশ্য রাজনীতিবিদদের সফরসঙ্গী করার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গত বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। এ সফর বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়; বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। তারা সরকারের অংশীদার হিসেবে এ ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন।

উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক ফেসবুক স্ট্যাটাসে জাতিসংঘ সফরে সরকারি প্রতিনিধিদলে রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্ত করে ড. ইউনূস আবার তার প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি বিশ্বের সামনে আমাদের জাতীয় ঐক্য প্রদর্শনের সুযোগ তৈরি করে রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও। একই সঙ্গে নেতাদের একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে বোঝাপড়া ও সম্পর্কের সেতুবন্ধ গড়ে তোলার সুযোগও দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ আমার দেশকে বলেন, ‘তারা যেহেতু কয়েকদিন একরকম একসঙ্গে থাকবেন, সেখানে একটি বোঝাপড়া হলেও হতে পারে। একসঙ্গে অবস্থানের কারণে হোটেল লবি হোক বা ছোট কোনো কনফারেন্স রুমে তাদের মধ্যে কথাবার্তা হবে। দেশে যখন সমাধান হয়নি, এখন বিদেশের মাটিতে বসে সময়-সুযোগের সদ্ব্যবহার করে তারা যদি একটি জায়গায় পৌঁছতে পারেন, সেটা হবে খুবই আনন্দের বিষয়। তবে সে আনন্দের বার্তাটা আমরা পাব কি না, সে বিষয়ে আমার সন্দেহ আছে।’

রাজনীতিবিদদের আচরণ স্বাস্থ্যকর মনে হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর দেশপ্রেমের ঘাটতি আছে। সে কারণে তারা একমত হতে পারছে না। তাদের উপলব্ধি করা উচিত, তারা একমত না হলে আওয়ামী লীগের পুনঃপ্রত্যাবর্তনে সাহায্য করবে। ভারতীয় আধিপাত্যবাদকে তারা সাহায্য করবে। সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এমনকি দেশের ভেতরে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনও হতে পারে।’

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ