এসএসসি ও দাখিল পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নের জন্য সাধারণ শিক্ষাধারার এসএসসির বিষয় কোডের সঙ্গে মাদ্রাসা শিক্ষাধারার দাখিল স্তরের বিষয় কোড সমন্বয় করে নতুন কোড প্রকাশ করা হয়েছে।
সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ বিষয় কোড ২০২৭ সাল থেকে কার্যকর হবে। দাখিল স্তরের বিষয়গুলোর পুরোনো কোড ও নতুন কোড-সংবলিত তালিকা প্রকাশ করা হয়েছে। পুনর্নির্ধারিত নতুন বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল পরীক্ষা ২০২৭ থেকে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, দাখিল পরীক্ষা ২০২৭ থেকে নিয়মিত পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ফরম পূরণ, পরীক্ষার্থী-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র, প্রশ্নপত্র, উত্তরপত্র, ফলাফল প্রস্তুতকরণ, নম্বরপত্র, সনদপত্র এবং পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সব কার্যক্রমে সংযুক্ত তালিকায় বর্ণিত নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগের বিষয় কোড বহাল থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।