হোম > জাতীয়

আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আমার দেশ অনলাইন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ‘জেনোসাইড’ বা গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) শুরু করার জন্য মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইসিজের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও গাম্বিয়াকে ধন্যবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রায়ের বিস্তারিত পর্যালোচনা এবং বাংলাদেশের জন্য এর করণীয় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার (আগামীকাল) আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করা হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানবাধিকারের জায়গা থেকে রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ানোর জন্য গাম্বিয়াকে এবং দীর্ঘ বছর ধরে অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক ধন্যবাদ জানান শামা ওবায়েদ।

তিনি বলেন, আজকের রায়ে এটি অত্যন্ত পরিষ্কারভাবে বলা হয়েছে যে মিয়ানমার জেনোসাইড বা গণহত্যা ঘটিয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য তারা যে কার্যক্রম চালিয়েছে, তা এই রায়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে।

বাংলাদেশের অবস্থান জোরদার ও প্রত্যাবাসনের আশা: এই রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বহু বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যাটি বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেছে। আজকের এই রায় আমাদের সেই প্রচেষ্টাকে আরো জোরদার করবে।

আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই রায়কে ভিত্তি করে এখন মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়।

রাখাইনে নতুন করে অত্যাচারের শঙ্কা ও সীমান্ত সতর্কতা: জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের শঙ্কা—রায়ের পর রাখাইনে নতুন করে অত্যাচার শুরু হতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি গত ১০-১২ বছর ধরে রোহিঙ্গাদের ওপর যে পরিমাণ অত্যাচার ও খুনখারাবি চালিয়েছে, তাতে তাদের বিন্দুমাত্র অনুশোচনা থাকলে তা তাদের কর্মকাণ্ডেই বোঝা যেত। ফলে নতুন করে অত্যাচারের শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে বাংলাদেশ এ বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। সীমান্তে ও মাঠে নিয়োজিত আমাদের বিভিন্ন সংস্থা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলা করছে। বাংলাদেশ কখনোই চায় না মিয়ানমারের মাটিতে রোহিঙ্গাদের ওপর আর কোনো অত্যাচার নেমে আসুক বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

কূটনৈতিক তৎপরতা ও জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্ব: মিয়ানমারের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত শক্তিধর রাষ্ট্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনসহ বিভিন্ন দেশ সফরে গিয়ে রাষ্ট্রপ্রধানদের কাছে রোহিঙ্গা সমস্যাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন এবং সব দেশই প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এছাড়া বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্বে থাকায় বহুপাক্ষিক কূটনীতি ও নিরাপত্তা পরিষদে বাংলাদেশের কণ্ঠস্বর আরো জোরালো হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই রায়ের ফলে ওআইসি এবং থাইল্যান্ডসহ আসিয়ানভুক্ত দেশগুলোকে সঙ্গে নিয়ে মিয়ানমারের ওপর আরো শক্তভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে এই রায়ের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে সরকার ইতিবাচক বলে তিনি জানান।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে অ্যাবের বিক্ষোভ

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-অগ্নিসংযোগ

পুলিশ প্রশাসনে বড় রদবদল, একসঙ্গে বদলি ১৭ কর্মকর্তা

শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত না করে পোশাকশিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়

কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট, তালিকা প্রকাশ ইসির

মামলার জট কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা চালু হচ্ছে: আইনমন্ত্রী

‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

জুলাইয়ে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৬১৫ জন