দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একাধিক টিম বৃহস্পতিবার সারাদেশে ৪টি অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম।
জানা গেছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেইনিং সেন্টারে ক্রয় কমিটির বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী গ্রহণ করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুদক নিমিউ এন্ড টিসিতে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করে। প্রাথমিক পর্যালোচনায় অভিযোগে দুদক উল্লিখিত যন্ত্রপাতি ক্রয়ে অসংগতি ও দায়িত্বে অবহেলা রয়েছে জানতে পারে ।
নড়াইল: নড়াইল সদর উপজেলায় রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানকালে নির্বাহী প্রকৌশলীর দপ্তর, এলজিইডি, নড়াইল হতে ১১নং বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদী গ্রামের চারণ কবি বিজয় সড়ক হতে নন্দখোল জামে মসজিদের পূর্ব পর্যন্ত চলমান ২ কি.মি. রাস্তার নির্মাণকাজের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। অভিযানকালে দেখা যায়, অভিযোগে বর্ণিত আলোচ্য রাস্তা নির্মাণে বেশ কিছু নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বালি-ইট-খোয়ার মিশ্রণে খোয়া অনুপাতে কম ব্যবহার করা হয়েছে এমনটিও পরিলক্ষিত হয়।
রাঙ্গামাটি: রাঙ্গামাটি পাসপোর্ট অফিসে সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির কারণে দুদক অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রথমে দুদকের সদস্যরা ছদ্মবেশে অফিস প্রাঙ্গণে সেবাগ্রহীতা এবং অফিসের সামনে অবস্থিত দোকানগুলোতে পাসপোর্ট করার জন্য কথা বলে। দুদক জানতে পারে পাসপোর্ট প্রতি ১৫শ থেকে ২ হাজার টাকা প্রদান করলে ঝামেলামুক্তভাবে পাসপোর্ট করা যায়। নাহলে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে পাসপোর্ট তৈরিতে বাঁধা প্রদান করা হয়।
বগুড়া: বগুড়ার শিবগঞ্জ পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে পানির ট্যাংক ও ইউড্রেন নির্মাণ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের বগুড়া হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। দুদক প্রথমে শিবগঞ্জ পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ-এর সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে অভিযোগের বিষয়ে কথা বলে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।