হোম > জাতীয়

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লম্বা হচ্ছে ভোটারের লাইন

আমার দেশ অনলাইন

ঢাকা ১২-এর সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন তরুণ ভোটাররা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণ শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

এবার ভোটাররা আলাদা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা ব্যালটে সংসদ সদস্য পদপ্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোট দিচ্ছেন। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে।

দীর্ঘ ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। দায়িত্ব গ্রহণের প্রায় দেড় বছর পর এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ২২ জানুয়ারি থেকে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা, যা শেষ হয় গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হওয়ায় আজ ভোট হচ্ছে ২৯৯টি আসনে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রে গণনার প্রক্রিয়া শুরু হবে। প্রথমে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট যুগপৎভাবে একই সময়ে গণনা করা হবে। দুটি ভোটের ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ ও নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) পরিচয়ে ১ হাজার ২৩২ জন। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৯৫৮টি। এবার ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। ২৯৯ আসনে প্রার্থী রয়েছেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮১ জন।

শান্তিপূর্ণভাবে শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট

বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি

‘পরিবেশ ভালো বলেই ভোট দিতে এলাম’

ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

সিইসির সঙ্গে বৈঠকে ১১দলীয় জোট

দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জাল ভোট ৫৯টি

ঢাকা ১৮ আসনে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৩১. ৪৭

ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা