হোম > জাতীয়

দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ভাগ্যবান যে এই জাতিকে সেবা করার সুযোগ পেয়েছি।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এই ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, ‘উই আর লাকি পিপল, হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।’

প্রেস সচিব জানান, বৈঠকের প্রথম এজেন্ডা ছিল সফল ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। প্রধান উপদেষ্টা নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ধন্যবাদ জানান। উপদেষ্টা পরিষদের সদস্যরাও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

তিনি জানান, বৈঠকে উপদেষ্টারা এবারের নির্বাচন আয়োজনকে ‘মহা সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন পরবর্তী সহিংসতা অতীতের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রকৃত অর্থে নির্বাচন-সম্পর্কিত সহিংসতায় নিহত হয়েছেন একজন।

প্রেস সচিব বলেন, এবার এমন একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। আর এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনার বিষয়ে সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাতিয়ার ঘটনায় একটা তদন্ত কমিটি করা হয়েছে। তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে।

প্রেস সচিব বলেন, এ নির্বাচনে প্রথমবারের মতো বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং ‘সুরক্ষা’ অ্যাপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তর থেকে প্রায় দেড় ঘণ্টা ১৭টি কেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। ভবিষ্যতে বডি-ওর্ন ক্যামেরা নির্বাচন ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে নির্বাচন কমিশনের স্বাধীন ও দৃঢ় ভূমিকার প্রশংসা করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও আইআরআই নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে বলে জানানো হয়। নারী ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতিকেও ইতিবাচক দিক হিসেবে তুলে ধরা হয়।

প্রেস সচিব জানান, আগামী ১৭ তারিখে সকাল ১০টার দিকে এমপিদের শপথ হবে জাতীয় সংসদে। ওই দিন বিকাল চারটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার কেবিনেটের সদস্যরা শপথ গ্রহণ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর সব পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। একই সময়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজায় এ ধরনের একটা অনুষ্ঠান এই প্রথম হচ্ছে। অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দরভাবে হয়, সেজন্য আজকে বিএনপির তিনজনের একটি কমিটির সঙ্গে মিটিং আছে। তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল অন্তর্বর্তী সরকার

এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংস্কার ও স্থিতিশীলতার মাধ্যমে দেশকে সঠিক পথে ফেরানোই ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে আমরা ৯০ শতাংশ সফল হয়েছি বলে মনে করি।

এ সময় সরকারের বিভিন্ন অর্জন ও চ্যালেঞ্জের সামগ্রিক চিত্র তুলে ধরে প্রেস সচিব বলেন, ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছিল সরকার। ৫ আগস্ট দেশের অবস্থা ছিল যুদ্ধকালীন পরিস্থিতির মতো। খুব সহজেই দেশ বিশৃঙ্খলার দিকে নেমে যেতে পারত। কিন্তু সেই অবস্থা প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।

অর্থনীতির সূচকগুলোর উন্নয়নের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আইএমএফের হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একসময় ১৫–১৭ বিলিয়ন ডলারে নেমে এলেও বর্তমানে তা ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে; আর মোট হিসাবে তা ৩৪ বিলিয়ন ডলার। ডলারের বিপরীতে টাকার দর একসময় ১২৭ টাকায় পৌঁছেছিল উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমানে তা ১২৩–১২৪ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।

শফিকুল আলম বলেন, ক্ষমতা গ্রহণের পর সরকারের প্রধান তিন অগ্রাধিকার ছিল—সংস্কার, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা। বিদ্যুৎ খাতের বিতর্কিত বিশেষ আইন বাতিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'পূর্ববর্তী সময়ে বিনা দরপত্রে বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের সুযোগ থাকায় ক্রনি ক্যাপিটালিজম (স্বজনতোষী পুঁজিবাদ) তৈরি হয়েছিল এবং এতে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে। এক সপ্তাহের মধ্যেই সেই আইন বাতিল করা হয়েছে। জ্বালানি খাতে প্রয়োজনীয় সংস্কার নেওয়া হয়েছে।

রাজস্ব আহরণের ক্ষেত্রেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে দাবি করে তিনি বলেন, 'রাজস্ব আদায়ে প্রত্যাশার চেয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।' খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমানে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে এবং বিদ্যমান রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।

বাণিজ্য ও পররাষ্ট্রনীতিতে অগ্রগতির কথা জানিয়ে প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে। এর ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের জন্য বড় বাজারে অবারিত প্রবেশাধিকার মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও যোগ করেন, 'বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলছে।

পররাষ্ট্রনীতিতে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি গর্বিত জাতি। আয়তনে ছোট হলেও জনসংখ্যার বিচারে বিশ্বে অষ্টম বৃহৎ দেশ। সেই মর্যাদা অনুযায়ী স্বাধীন ও সম্মানজনক পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার ইস্যুতে অগ্রগতির দাবি করে শফিকুল আলম বলেন, বিগত ১৮ মাসে গুম বা বিচারবহির্ভূত হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পেরেছে।

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

ফেব্রুয়ারির ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬হাজার ৫৫৯ কোটি টাকা

ঘূর্ণিঝড় ও ৭টি তাপপ্রবাহের শঙ্কা

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাসসে অনিয়ম-দুর্নীতি নিয়ে যৌথ সভা, ২৫ সদস্যের ঐক্য পরিষদ গঠন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত এআরটি চুক্তিতে কী আছে

জুলাই স্মৃতি স্মরণসহ ৪ কারণে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন সেনাপ্রধান

পদত্যাগের বিষয়ে যা বললেন আইজিপি

শপথ অনুষ্ঠান সুন্দরভাবে করতে বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে