ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ ও সুচিস্মিতা তিথি।
তিনি বলেন, এটা আমাদের দায়। আমরা তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, পরে যারা ক্ষমতায় আসবেন তারা করবেন। এটা জাতির আকাঙ্খা।এতে এক ইঞ্চিও পিছপা হব না। শেখ হাসিনা যে আকাম-কুকাম করেছে, চোরতন্ত্র জারি করেছিল, গুম ও খুনের জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যপারে সরকার কতটুকু আশাবাদী? জানতে চাইলে তিনি বলেন, আমরা আশাবাদী। পৃথিবীতে কেউ কোনো খুনিকে জায়গা দিতে চায় না।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের বিষয়ে কাজ হচ্ছে আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে ঘোষণাপত্রের খসড়া হবে। ঘোষণাপত্র দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জানুয়ারির আল্টিমেটাম এবং এর অগ্রগতি বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তবে কবে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে? -এ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো সুনির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেখ হাসিনা তার বাবার খুনিদের ‘পার্সু’ করে অনেক জায়গা থেকে ফিরিয়ে এনে বিচার করেছিলেন। তিনি তার বাবার খুনিদের ফিরিয়ে আনতে যেভাবে পার্সু করেছেন, আমরা তার ‘দ্বিগুণ পার্সু’ করে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করব।
সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির সমালোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমরা সমালোচনাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করি। এটা নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলবেন।
গুম কমিশন ভালো কাজ করছে উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দুই-একটা আয়নাঘরে আপনাদের পরিদর্শনের ব্যবস্থা করব। সেখানে কি ভয়াবহভাবে গুম করা হত সেই চিত্র দেখতে পারবেন। হাসিনার আমলে পাপাচারের শেষ নেই। এ সময় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন, শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের ঘটনা, টাকা পাচারের ঘটনা উল্লেখ করে শফিকুল আলম বলেন, প্রতিটি বিষয় নিয়ে কাজ হচ্ছে। হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব।
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তিনি বলেন, এ ঘটনার বিচারের দাবিতে আমরা আন্দোলনে ছিলাম। এ বিষয়ে কাজ চলছে। তথ্যগুলো যাচাই-বাছাই চলছে। যে সময়টা নষ্ট হয়েছে তা মেকআপ করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করতে কাজ করছে পিবিআই। বিষয়টি আজকে পিবিআই প্রধানের সঙ্গে কথা হয়েছে। কারণ তারা ত্রিশ বছর আগের খুনের তদন্তও সফলভাবে করেছে। তাই তাদের সক্ষমতা আছে। বিষয়টি কষ্টসাধ্য হলেও প্রচুর সময় দিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন।
বিটিভি ও বাসসের স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সরকারের উদ্যোগের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পৃথিবীর সব দেশেই রাষ্ট্রীয় গণমাধ্যম আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। অন্যান্য দেশে এ সংস্থাগুলোর ব্যাপ্তি বড় আকারে থাকে। তাই আমরা সরকারি সংস্থাগুলোকে আরও বড় ও ক্ষমতাশালী করার চেষ্টা করছি। এরই মধ্যে বিটিভি সংবাদ পরীক্ষামূলক চালু হয়েছে। তা আরও বড় করার পরিকল্পনা সরকারের আছে। যাতে দেশের সমস্ত সংবাদ মানুষ দেখতে পারে। গত পাঁচমাসে দেশের গণমাধ্যম যতটা স্বাধীন ছিল, তা বাংলাদেশের ইতিহাসে ছিল না।
আওয়ামী লীগের আমলের দুর্নীতির চিত্র বাসসের সংবাদে উঠে আসবে কিনা? -এ প্রশ্নে শফিকুল আলম বলেন, আমরা তাদের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করি না। আমরা আশাকরি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে প্রোগ্রামগুলো করবেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বুলগেরিয়া ভিসা সেন্টার ভারত থেকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হস্তান্তরের কথা আগেই জানিয়েছে। ১২২ জন বাংলাদেশী ছাত্রকে তারা ভিসা দিয়েছে। রোমানিয়া ভিয়েতনাম ও থাইল্যান্ডের দূতাবাস থেকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে। কাজাকিস্তান জানিয়েছে ব্যাংকক থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা দেবে। এছাড়া অন্যান্য দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম ইউরোপিয়ান ডেস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে