হোম > জাতীয়

বিএসইসি ও বীমা কর্তৃপক্ষে নিয়োগে বয়সসীমা তুলে দিতে সংসদে বিল

সংসদ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে দুটি সংশোধনী বিল উঠেছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন। পরে বিল দুটি সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সংশোধনের জন্য আনা বিলে কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

অপরদিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ সংশোধনের জন্য আনা বিলে কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছর বয়সসীমা সংক্রান্ত অযোগ্যতার বিধান বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

বিল দুটির উদ্দেশ ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজার ও বীমা খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দিতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।

বিএসইসি আইনে কী পরিবর্তন আসছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল, ২০২৬ এ বিদ্যমান আইনের ৫ ধারার উপধারা ৬ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বিদ্যমান আইনে কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা নিয়োগের তারিখ থেকে চার বছরের জন্য পদে বহাল থাকেন এবং অনুরূপ আরেকটি মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হন। তবে ওই ধারার শর্তাংশে বলা আছে, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগের যোগ্য হবেন না বা ওই পদে বহাল থাকবেন না।

সংসদে উত্থাপিত বিলে এই শর্তাংশ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বিলটি পাস হলে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ বা পদে বহাল থাকার ক্ষেত্রে ৬৫ বছরের বয়সসীমা আর থাকবে না।

বিলে বলা হয়েছে, ১৯৯৩ সালের আইনের ধারা ৫ এর উপধারা ৬ এর প্রান্তস্থিত কমা চিহ্নের পরিবর্তে দাঁড়ি চিহ্ন প্রতিস্থাপিত হবে এবং শর্তাংশ বিলুপ্ত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, “পুঁজিবাজার খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনার পদে অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সংশোধনক্রমে সময়োপযোগী করিয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়ন করা সমীচীন এবং ইহার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক।”

বীমা কর্তৃপক্ষ আইনে কী পরিবর্তন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল, ২০২৬ এ বিদ্যমান আইনের ৭ ধারার উপধারা ৩ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৭ এ চেয়ারম্যান ও সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে।

বিদ্যমান আইনের ধারা ৭ এর উপধারা ৩ এর দফা ছ এ বলা আছে, কোনো ব্যক্তির বয়স ৬৭ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা সদস্য হওয়ার যোগ্য থাকবেন না।

সংসদে উত্থাপিত বিলে এই দফা ছ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।

আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

তুম হামসে মোহাব্বত করো, হাম বেওফাই করেঙ্গে নেহি: সংসদে পার্থ

সচিবালয়ে দর্শনার্থীদের পাস নিয়ে নতুন নির্দেশনা

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ.লীগের: পার্থ

ডিজিটাল আইনগুলো মত প্রকাশে এখনো ঝুঁকিপূর্ণ

বঙ্গোপসাগর উত্তাল, কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সবাই আমাকে ভালোবেসে কচলায়: সংসদে বিরোধীদলীয় নেতা

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মিলবে যেভাবে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর