বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে তাকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসরণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
এর আগে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৮ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।