ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো সানাউল্লাহ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে দেওয়া সমাপনী বক্তব্যে তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই ছিল কমিশনের একমাত্র অঙ্গীকার, এবং সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সত্যিই শুভসকাল। নবযাত্রায় স্বাগতম সবাইকে। এর জন্য নির্মোহভাবে আমরা আইন প্রনয়ণ করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছি।
দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নির্বাচনকে শুধু সাংবিধানিক দায়িত্ব নয় বরং ‘পবিত্র আমানত’ হিসেবে গ্রহণ করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, জাতির মান-সম্মান, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ও অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে এ নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত ছিল। দেশবাসি উৎসবমুখর পরিবেশে ভোটে অংশ নেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অতীতের তুলনায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
গণতন্ত্রের যে ট্রেন যাত্রা শুরু করেছে তা যেনো আর কখনও লাইনচ্যুত না হয়, সে জন্য দেশবাসীসহ সবাইকে সজাগ থাকার আহবান জানান সাবেক সামরিক কর্মকর্তা।
প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ভবিষ্যতে আরও উন্নত ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা করে।
সমাপনী বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা কার্যক্রমের ইতি টানেন। বিস্তারিত পরিসংখ্যান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পৃথকভাবে গণমাধ্যমকে সরবরাহ করবেন বলে জানানো হয়।