আহলে সুন্নাত ওয়াল জামাআতের মূল ধারায় আলেম-ওলামারা সবাই সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছেন উল্লেখ করে ওয়াজের ময়দানে সমাজে বিভ্রান্তি ছড়ায় এমন কোনো বক্তব্য না দেওয়ার জন্য ওয়ায়েজিনদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী।
শনিবার রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘মজলিসুল ওয়ায়েজীন বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত জাতীয় কনভেনশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওলানা মুহিউদ্দীন রব্বানী বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব। মূল আদর্শের জায়গায় আমাদের মধ্যে কোনো বিভেদ নেই; কিছু শাখা-প্রশাখায় ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাআতের মূল স্রোতের অনুসারী। এই মূল ধারাকে সুসংহত রাখতেই হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করেছে।’
ওয়াজের ময়দানের দায়িত্বশীলতা প্রসঙ্গে ওয়ায়েজিনদের সতর্ক করে তিনি বলেন, ‘আপনাদের কাছে মসজিদ, মিম্বার ও ওয়াজের মাঠ রয়েছে। দেশের সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ জাতি আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকে। তাই কোনো অবস্থাতেই এমন কোনো অসংলগ্ন বা বিভ্রান্তিকর বাক্য বলা যাবে না, যা সমাজের ভেতর বিশৃঙ্খলা তৈরি করে।’
তিনি আরো বলেন, ওয়াজের মঞ্চকে কোনো নাটকের মঞ্চ কিংবা হালকা বিনোদনের জায়গায় রূপ দেওয়া যাবে না। বরং সময়োপযোগী, দলীলভিত্তিক এবং সাবলীল ভাষায় কোরআন-সুন্নাহর সঠিক বার্তা মানুষের সামনে তুলে ধরতে হবে।
হেবা আইন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, শরিয়তসম্মতভাবে হেবা আইনের বিষয়গুলো পুনর্বিবেচনা করতে হবে।