ইটপাথরের এই ঢাকা শহরে বনায়ন শুধু একটি পরিবেশগত আকাঙ্ক্ষা নয়, বরং মেগাসিটি হিসেবে টিকে থাকার এক অপরিহার্য উপাদান। ক্রমাগত অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা কেটে ফেলা, নদী ভরাট করে বহুতল ভবন নির্মাণের কারণে ঢাকা শহর বর্তমানে 'হিট আইল্যান্ডে' পরিণত হয়েছে। তীব্র বায়ুদূষণ, দাবদাহ ও অক্সিজেন সংকটে নগরবাসীর স্বাস্থ্য ও জীবন আজ মারাত্মক হুমকির মুখে। প্রতিদিন মানুষ দূষিত বায়ুবাহিত জটিল রোগে (বিশেষত অ্যাজমা) আক্রান্ত হচ্ছে। এছাড়া শিশু ও বৃদ্ধদের ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে। হাসপাতালে দিন দিন এসব রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে, জলবায়ুর ক্রমাগত পরিবর্তন ও পরিবেশের ভারসাম্যহীনতা মানবজাতির জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় ঢাকার বুকে যেসব খোলা ও পরিত্যক্ত জায়গায় ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়, সেগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কার করে বনায়নের উপযোগী করা প্রয়োজন। পাশাপাশি পরিকল্পিত ছাদবাগান গড়ে তোলা এবং রাস্তার পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো জরুরি।
বাংলাদেশ বন অধিদপ্তর ও মার্কিন বন পরিষেবার যৌথ উদ্যোগে পরিচালিত 'আরবান ট্রি ইনভেন্টরি' পরিসংখ্যানে, দেখা গেছে, ঢাকা শহরের ৩০৬ বর্গকিলোমিটার এলাকায় গাছের সংখ্যা ১৩ লাখ (১.৩ মিলিয়ন)। ঢাকার জনসংখ্যার অনুপাতে এই সংখ্যা পর্যাপ্ত নয়। যেখানে একটি শহরের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ এলাকা সবুজে ঘেরা থাকা প্রয়োজন, সেখানে বর্তমানে মাত্র ১১ শতাংশ বনায়ন বিদ্যমান। শহরকে বসবাসের উপযোগী করে রাখতে আরো লাখ লাখ গাছ লাগানো জরুরি।
পরিকল্পিত বনায়ন শুধু তাপমাত্রাই কমাবে না, বরং বিষাক্ত বাতাস পরিশোধন করে নির্মল ও শ্বাস নেওয়ার উপযোগী বাতাস নিশ্চিত করবে। এ কার্যক্রমে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। বিভিন্ন স্কুল, কলেজ ও কলোনিতে গিয়ে বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে এবং মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।
লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইডেন মহিলা কলেজ