হোম > মতামত > উপসম্পাদকীয়

অত্যাচারী ভর্তি পরীক্ষা সংস্কার করুন

মুহাম্মদ ইয়াহইয়া আখতার

ছবি: সংগৃহীত

সারা পৃথিবীতে ছাত্ররা আনন্দের সঙ্গে তাদের শিক্ষাজীবন অতিবাহিত করেন। আর বাংলাদেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন কাটান দুশ্চিন্তার মধ্যে। অভিভাবকরাও তাদের সন্তানের লেখাপড়া নিয়ে থাকেন উদ্বিগ্ন। বড় ব্যবসায়ী বা বিশাল টাকার মালিকদের কথা ভিন্ন। কারণ, তাদের মধ্যে অনেকের ছেলেমেয়ে লেখাপড়া করেন বিদেশে। কিন্তু দেশের শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সন্তানের লেখাপড়া নিয়ে তাদের মনে থাকে নিরন্তর দুশ্চিন্তা। এ দুশ্চিতা বিভিন্ন ধরনের। প্রথম চিন্তা হলো সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারবে কি না। ভালো স্কুলে ভর্তি হতে পারলে ভালো রেজাল্ট করতে পারবে কি না। ভালো রেজাল্ট করতে পারলে ভালো কলেজে ভর্তি হতে পারবে কি না। কলেজে পাস করার পর সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে কি না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে হলে সিট পাবে কি না। বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হলে চাকরি পাবে কি না। যুগপৎ অভিভাবক ও শিক্ষার্থীর চিন্তার শেষ নেই। এসব সমস্যা নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করে শেষ করা যাবে না। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দুশ্চিন্তা নিয়ে এখানে কিছু আলোচনা করব। কারণ, সম্প্রতি ইউজিসি আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু করতে পরামর্শ দিয়েছে। পরীক্ষার্থীরা আগামী জানুয়ারির শুরু থেকেই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

কিছুদিন হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী। দেশের সবগুলো বোর্ড মিলে পাসের হার শতকরা ৫২ দশমিক ১২ ভাগ। অর্থাৎ প্রায় অর্ধেকের কিছু কম শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তবে ফেল করা শিক্ষার্থীদের মধ্য থেকে সামান্য কিছুসংখ্যক পরীক্ষার্থী হয়তো পাসের তালিকায় যুক্ত হতে পারেন। কারণ, ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী তাদের পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। এ কারণে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। ২৩ নভেম্বর সব বোর্ডের পুনর্নিরীক্ষিত খাতার ফল প্রকাশ করা হলে জানা যাবে যে আরো কতজন পরীক্ষায় পাস করেছেন।

নবম সংসদ নির্বাচনের পর ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে আওয়ামী শাসনামলে সরকারের কৃতিত্ব প্রদর্শনের জন্য একসময় বোর্ডের মাধ্যমে নির্দেশনা দিয়ে যেভাবে পরীক্ষায় বেশি পাস করিয়ে লেখাপড়ার উন্নতি দাবি করা হতো, সে সিদ্ধান্ত যে কত ভুল এবং আত্মঘাতী ছিল, তা বলার অপেক্ষা রাখে না। নম্বর বাড়িয়ে দিয়ে জিপিএ ৫-এর সংখ্যা বৃদ্ধি করে একদিকে লেখাপড়া ভালো হচ্ছে দাবি করা হতো এবং অন্যদিকে শিক্ষার মান বাড়ছে প্রচার করে অভিভাবকদের খুশি করা হতো। জনৈক সাংবাদিক ওই সময় এসএসসিতে জিপিএ ৫ পাওয়া একজন শিক্ষার্থীর সাক্ষাৎকার গ্রহণকালে ‘আমি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছি’ এর ইংরেজি জিজ্ঞেস করলে শিক্ষার্থী উত্তর দিয়েছিলেন : ‘আই অ্যাম জিপিএ ফাইভ’। এ বছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাদের মধ্যে এখন ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কি না সে দুশ্চিন্তা কাজ করছে। ফেল করা শিক্ষার্থীদের আরো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যাতে করে তারাও বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটু দেরিতে শুরু হচ্ছে।

যে প্রক্রিয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করছি, তাকে আমি প্রায় চার দশক ধরে অত্যাচারী ভর্তি পরীক্ষা হিসেবে অভিহিত করে আসছি। এ প্রক্রিয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের হয়রানি করা হচ্ছে। ভর্তি মৌসুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে তাদের মধ্যে শুরু হচ্ছে ছোটাছুটি। বিশ্ববিদ্যালয় তো বিশ্বের প্রায় প্রতিটি দেশেই আছে। কিন্তু আমরা বাংলাদেশ ছাড়া আর একটি দেশও দেখাতে পারব কি, যেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়? ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ, গোয়েন্দা সংস্থা, সিভিল প্রশাসনের সহায়তা নিতে হয়? না, তেমন উদাহরণ নেই। একেকটি সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফরম বিক্রির টাকা এমনভাবে ব্যবহার করে যাতে প্রচুর অপচয় হয়।

প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসেন। ভর্তি পরীক্ষা শেষে তাদের অনেককে দৌড়াতে দেখা যায়। জিজ্ঞেস করলে উত্তরে তারা আরেকটি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বলেন, আমার কাল আবার ওমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ কেমন অত্যাচার? এ অত্যাচার শুধু পরীক্ষার্থীদের ওপর চলে না, চলে তাদের অভিভাবকদের ওপরও। একটি মেয়ে পরীক্ষা দিতে এলে সাধারণত একা আসেন না। তার সঙ্গে সাধারণত তার মা, বাবা, ভাই বা অন্য কেউ সঙ্গে আসেন। একেকটি সরকারি বিশ্ববিদ্যালয় তার ভর্তি পরীক্ষা অনুষদভিত্তিকভাবে ভাগ করেই শুধু গ্রহণ করেন না। আরো ছোট ছোট ভাগ করে বেশিদিন ধরে পরীক্ষা নিতে চান। কারণ, বেশিদিন পরীক্ষা হলে সম্মানিত শিক্ষকরা বেশি পরীক্ষার ডিউটি দিতে পারবেন। বেশি করে পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন। তাদের অতিরিক্ত উপার্জনের মাত্রা বাড়বে। এ জন্য নৈমিত্তিক ক্লাসের কিছু ক্ষতি হলেও ভর্তি পরীক্ষা বেশিদিন হলে শিক্ষকরা খুশি। তারা এর বিরোধিতা করে বিকল্প উদ্ভাবনে মনোযোগ দেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাত-আট দিন ধরে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।

আমরা প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে দাবি করছি। দাবি করছি, আমরা এআইএর যুগে প্রবেশ করেছি। সে ক্ষেত্রে আমরা ভর্তি পরীক্ষায় বিজ্ঞানের ব্যবহার করার কথা কি চিন্তা করতে পারি না? নতুন উপায়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করে পরীক্ষার্থী ও তার অভিভাবকদের কষ্ট লাঘব করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বড় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো কি কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে? আমরা কি ভুলে গেছি যে সারা বিশ্বে সময়ের ব্যবধান আমলে নিয়েও ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল, টোফেল, জিআরই, জিম্যাট, সিএটিসহ যত ধরনের পরীক্ষা আছে এর প্রতিটি পরীক্ষা বিশ্বব্যাপী মাত্র একদিনে সুসম্পন্ন হয়। সারা বিশ্বের শিক্ষার্থীরা এসব পরীক্ষায় একই দিন অংশগ্রহণ করতে পারেন। আর আমরা ছোট একটি দেশের ছোট একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করতে যদি সাত-আট দিন ধরে পরীক্ষা গ্রহণ করি এবং পরীক্ষার্থী এবং অভিভাবকদের এ পরীক্ষায় অংশ নিতে যাতনা প্রদান করি, তাহলে আমরা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মুখ দেখাব কেমন করে?

সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ফরম বিক্রি করে যে অর্থ উপার্জন করে, এর শতকরা ৪০ ভাগ ইউজিসিকে দিতে হয়। ইউজিসিকে শুধু এমন উপার্জনের কথা না ভেবে সারা দেশের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবের কথা চিন্তা করতে হবে। ইউজিসি বা মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে একটি কমিটি করে এ বিষয়টি কেন পরীক্ষা করে দেখে না যে, মাত্র এক বা দুই দিনে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ করার পদ্ধতি উদ্ভাবন করা যায় কি না। আর ভর্তি পরীক্ষার্থীরা তাদের ঘরে বসে অনলাইনে এ পরীক্ষা দিতে পারেন কি না। এটি করা সম্ভব হলে একদিকে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের যেমন কষ্ট কমবে, অন্যদিকে পরীক্ষার্থীদের অর্থ সাশ্রয় হবে। অনেক দেশে তো শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না। ওই দেশগুলোতে কি লেখাপড়া আমাদের দেশের লেখাপড়ার চেয়ে খারাপ হচ্ছে?

যে মেধা যাচাইয়ের অজুহাত দেখিয়ে এহেন ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে, চলমান ভর্তি পরীক্ষা পদ্ধতিতে কি প্রকৃতপক্ষে তেমন মেধা যাচাই করা সম্ভব হচ্ছে? অনেক বিশ্ববিদ্যালয়ে শুধু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। মনে করুন, বৃত্ত ভরাট পদ্ধতিতে প্রশ্ন এলো : নিচের কোন উপন্যাসটি শওকত ওসমানের লেখা নয়? কেউ ভুল বৃত্ত ভরাট করার অর্থ কি এই যে, তিনি অমেধাবী? আবার অনেক পরীক্ষার্থী অনুমান করে বৃত্ত ভরাট করেও শুদ্ধ উত্তর দিলে বলা যাবে কি তিনি মেধাবী? কাজেই বিরাজিত ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনায় প্রকৃত মেধা যাচাই হচ্ছে এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। লক্ষণীয়, একেক বিশ্ববিদ্যালয়ে একের রকম পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বৃত্ত ভরাটের সঙ্গে কিছু সংক্ষিপ্ত লিখিত অংশ রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা শুধু বৃত্ত ভরাট করেই পরীক্ষা শেষ করতে পারছেন।

ভর্তি পরীক্ষা একেবারেই উঠিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তির কোনো নতুন ব্যবস্থাপনা উদ্ভাবন করতে পারে কি না, সে বিষয়ে তাদের নতুন করে চিন্তা করতে হবে। এ ব্যাপারে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কেও ভাবতে হবে। আর যদি ভর্তি পরীক্ষা নিতেই হয়, তাহলে এমনভাবে এবং এমন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে, যাতে পরীক্ষার্থীদের মধ্যে কতটুকু গঠনমূলক চিন্তার শক্তি আছে, কতটুকু ভাবনার শক্তি আছে, তার মধ্যে উদ্ভাবনী ক্ষমতা কতটা আছে, সে বিষয়টি যাচাই করা যায়। সেই সঙ্গে পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তার (আইকিউ) মাত্রা এবং বিশ্বদৃষ্টির (ওয়ার্ল্ডভিউ) স্বরূপ যাচাইয়ের ব্যবস্থাও থাকতে হবে। এর জন্য প্রয়োজন আধুনিক, মানবিক, বিজ্ঞানমনস্ক এবং স্মার্ট প্রশ্ন প্রণয়নকারী। প্রশ্ন প্রণেতা বুদ্ধিমত্তার সঙ্গে এমন ভঙ্গিমায় প্রশ্ন করবেন, যার মধ্য দিয়ে পরীক্ষার্থীর বিভিন্ন বিষয়ের ওপর দখল ও জ্ঞান যাচাই করা যাবে। এখন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভাবতে হবে, তারা প্রতিবছর ভর্তি মৌসুমে ট্রাফিক জ্যাম সৃষ্টিকারী, দৌড়াদৌড়ির সনাতনী অত্যাচারী ভর্তি পরীক্ষা জিইয়ে রাখবে, নাকি এ বিষয়ে নতুনভাবে এ প্রবন্ধে প্রদত্ত পরামর্শের আলোকে উদ্যোগ গ্রহণ করে যুগপৎ ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওপর অত্যাচার বন্ধ করে নতুন কোনো স্বস্তিদায়ক ভর্তি পরীক্ষা পদ্ধতির উদ্ভাবন ঘটানোর চেষ্টা করবে।

লেখক: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিরোধী দল বনাম প্রকৃত বিরোধী দল

আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হবে কি বাংলাদেশ

আবদুল: যে নাম আর উপেক্ষা করতে পারবে না আমেরিকা

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন জরুরি

বিশ্ব ক্ষমতার অনিশ্চিত ভবিষ্যৎ

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণি

পার্বত্য চট্টগ্রামে কী হচ্ছে

শাবাশ মার্কিন জেন-জি এবং দেশটির গণতন্ত্রের পরম্পরা

করিডোরের রাজনীতি

৭ নভেম্বর : সত্য অন্বেষণে যথার্থ বয়ান