মিয়ানমারের জান্তা সরকারের জেনারেলরা ২০১৭ সালে দাবি করেছিলেন যে, তাদের সৈন্যরা রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছেন। এরপর থেকে ৯ বছর ধরে তারা বিশ্বকে একই কথা বলে এসেছেন। কিন্তু ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তাদের এই সাফাই ধোপে টেকেনি, আদালত তাদের দাবি নাকচ করে দিয়েছে।
১৫ জন বিচারকের সমন্বয়ে গঠিত আদালত ৯ বনাম ৬ ভোটে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য দায়ী করেছে। আইসিজের ইতিহাসে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের রায় এটিই প্রথম। অবশ্য বিচারকেরা স্বীকার করেছেন, ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা) নিরাপত্তা চৌকিগুলোতে হামলা চালিয়েছিল। কিন্তু হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ, শিশুদের ওপর সহিংসতা এবং রোহিঙ্গা গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার ঘটনাকে শুধু ‘বিদ্রোহ দমনের’ অংশ হিসেবে ব্যাখ্যা করা যায় না।
আদালত মিয়ানমারকে নির্দেশ দিয়েছে, তারা যেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ নিশ্চিত করে, তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দেয় বা তার ক্ষতিপূরণ প্রদান করে। এছাড়া যেসব ক্ষতি আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়, তার জন্য ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়। এই নৃশংসতার সময় সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল মিন অং হ্লাইং। তার সরকারের একজন মুখপাত্র আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছেন।
তবে এই রায় একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছেÑযে অঞ্চলে একসময় রোহিঙ্গা পরিবারগুলো বসবাস করত, সেখানে তাদের পুনর্বাসনে আদালতের নির্দেশগুলো কে বাস্তবায়ন করবে? এর একটি উত্তর লুকিয়ে আছে রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন ‘আরাকান আর্মি’র (এএ) কাছে, যার রাজনৈতিক শাখা ‘ইউনাইটেড লিগ অব আরাকান’ (ইউএলএ) বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।
‘আরাকান আর্মি’র প্রধান সোয়ান ম্রাত নাইং রোহিঙ্গাদের ফিরে আসার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। ২০২২ সালে তিনি বলেছেন, শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে আসায় তার কোনো আপত্তি নেই। ২০২৪ সালেও তিনি নীতিগতভাবে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং চলতি বছরের মে মাসে রোহিঙ্গাদের ফিরে আসার উপযোগী পরিবেশ তৈরির কথা বলেছেন। আরাকান আর্মি তাদের এই কথার বাস্তবায়ন করতে পারে কি না, তা দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে আইসিজের রায় ।
পুরোনো কৌশল
মিয়ানমারের সামরিক বাহিনী দীর্ঘকাল ধরে রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যকার অবিশ্বাসের সুযোগ কাজে লাগিয়েছে। তারা একটি জনগোষ্ঠীকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিত্রিত করে তাদের ওপর আক্রমণকে জাতি, ধর্ম ও মাতৃভূমি রক্ষার অজুহাত হিসেবে উপস্থাপন করেছে। উগ্রবাদী গোষ্ঠীগুলোর হামলাকে তারা নিজেদের কর্মকাণ্ডের যৌক্তিক ভিত্তি হিসেবে ব্যবহার করেছে, যার মাশুল দিতে হয়েছে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে।
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ মূল্যায়নের সময় কয়েক দশক ধরে চলা বৈষম্যমূলক আইন এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। সামরিক অভ্যুত্থানের পরও সেই পুরোনো কৌশল টিকে আছে। সামরিক বাহিনী জোরপূর্বক রোহিঙ্গা পুরুষদের আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে নামিয়েছে।
অন্যদিকে, আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর ফলে সাধারণ রোহিঙ্গা ও রাখাইন বেসামরিক নাগরিকরা এখনো চরম মূল্য দিচ্ছেন। অথচ ২০১৭ সালে যেখানে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানো হয়েছিল, এর বেশিরভাগ এলাকা এখন আর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নেই। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে মংডু, বুথিডংসহ ১৪টিই বর্তমানে আরাকান আর্মির দখলে।
আইসিজের রায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর বাধ্যবাধকতা তৈরি করে, আরাকান আর্মির ওপর নয়। তবে, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণমুক্ত এলাকাগুলোতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরে আসা এবং তাদের সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়টি নির্ভর করবে বর্তমানে ওই অঞ্চল পরিচালনাকারী কর্তৃপক্ষের সহযোগিতার ওপরÑঅর্থাৎ বর্তমানে এই এলাকা নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির ওপর।
এত বড় ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর শাসনভার সামলানোর ক্ষেত্রে আরাকান আর্মি অনেকটাই নতুন। ২০১৭ সালে সামরিক বাহিনী যে নির্মূল অভিযান চালিয়েছে, তার সঙ্গে আরাকান আর্মি জড়িত ছিল না। এটি তাদের সামনে সুযোগ তৈরি করেছে, যেন তারা সামরিক জেনারেলদের অতীত কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারে। তবে এর অর্থ এই নয় যে, তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য তারা দায়মুক্তি পাবে।
রায়ের পর আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বার্মিজ গণমাধ্যমকে বলেছেন, তাদের গোষ্ঠী ‘সত্য ও ন্যায়বিচারের’ পক্ষে এবং তারা রাখাইনের স্বার্থেই কাজ করবে। তার এই বক্তব্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা গণহত্যার জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের উল্লেখ নেই। তবে, কিছু আশাব্যঞ্জক ঘটনা ঘটেছে। ইউএলএ/এএ প্রশাসন স্থানীয় প্রশাসনিক ও উপদেষ্টা পর্যায়ে মুসলিম বাসিন্দাদের অন্তর্ভুক্ত করেছে এবং মংডুতে একটি ঐতিহাসিক মসজিদ অনেক বছর বন্ধ থাকার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে আবার খুলে দেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপগুলো রোহিঙ্গাদের সমান অধিকার নিশ্চিত করার সমতুল্য নয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় জানিয়েছে, আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকায় রোহিঙ্গাদের নির্বিচারে আটক, জোরপূর্বক নিয়োগ, যৌন সহিংসতা এবং সম্পত্তি দখলের মতো গুরুতর নির্যাতন চালাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগও তুলেছে। তবে আরাকান আর্মি এসব অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু তারা অভিযোগ অস্বীকার করলেই রোহিঙ্গা জনগোষ্ঠী বা আন্তর্জাতিক সম্প্রদায় সন্তুষ্ট হবে না। সংগঠনটির উচিত হবে বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তকে স্বাগত জানানো।
এখানে আরেকটি বিষয় হলোÑআরাকান আর্মি সাধারণত রোহিঙ্গাদের ‘মুসলিম’ হিসেবে অভিহিত করে থাকে, আবার তাদের কোনো কোনো নেতা ‘বাঙালি’ শব্দটিও ব্যবহার করেন। অথচ এই জনগোষ্ঠীর নিজস্ব পরিচয়কে তারা স্বীকৃতি দিচ্ছে না। ‘রোহিঙ্গা’ নামটিকে স্বীকৃতি দিলেই যে নাগরিকত্বের সমস্যার সমাধান হয়ে যাবে, তা নয়। কিন্তু এই নামটি অস্বীকার করা মানে হলো বর্জনের চর্চাকেই পুনরায় উসকে দেওয়া যা এই সংকটকে গভীর ও দীর্ঘস্থায়ী করেছে। আরাকান আর্মি রাখাইনের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি চায়। কিন্তু শুধু সামরিক জয় দিয়ে এই স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। তাদের প্রমাণ করতে হবে, রাখাইনের বৌদ্ধ ধর্মাবলম্বী, রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী তাদের শাসনাধীন এলাকায় কোনো বৈষম্য বা ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারে।
যা কার্যকর হতে পারে
আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের সামরিক সরকারকে রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র কর্তৃপক্ষ হিসেবে গণ্য বন্ধ করা। বাংলাদেশ জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে তারা সেনাবাহিনী সমর্থিত সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। ২০ নভেম্বর বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী রয়টার্সকে বলেছেন, ঢাকা আশা করছে ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি করা সম্ভব হবে।
কিন্তু একটি রাজনৈতিক সময়সূচি কখনোই মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির বিকল্প হতে পারে না। বিমান হামলার মুখে থাকা, দারিদ্র্য ও বিধ্বস্ত অর্থনীতির সঙ্গে লড়াইরত যুদ্ধকালীন কোনো প্রশাসনের পক্ষে আগামীকালই ১০ লাখের বেশি শরণার্থীকে গ্রহণ করার প্রত্যাশা করা যুক্তিসংগত নয়। আবার, যুদ্ধাবস্থা, স্থলমাইন, ক্ষুধা এবং চলাচলের ওপর বিধিনিষেধ থাকা অবস্থায় শরণার্থীদের কোনো পরীক্ষামূলক প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঠেলে দেওয়াও উচিত নয়। জাতিসংঘের মতে, নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনো তৈরি হয়নি।
তবে, ‘আরাকান আর্মি’ চাইলে এখনই কিছু পদক্ষেপ নিতে পারে। তারা রোহিঙ্গাদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাদের ঘরবাড়ি ও সম্পত্তি রক্ষা করতে পারে, স্বাধীন মানবিক পর্যবেক্ষণের সুযোগ দিতে পারে এবং নিজেদের বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্তকে স্বাগত জানাতে পারে। অন্যদিকে, বাংলাদেশ, রোহিঙ্গা প্রতিনিধি, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক অংশীদাররা ভবিষ্যতে প্রত্যাবাসনের প্রস্তুতির বিষয়ে ‘আরাকান আর্মি’র সঙ্গে কাজ করতে পারে। রোহিঙ্গা সম্প্রদায়কে শুরু থেকেই এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে, তাদের ওপর যেন এমন কোনো চুক্তি চাপিয়ে দেওয়া না হয়, যা অন্যরা আলোচনা করে ঠিক করেছে।
‘আরাকান আর্মি’ নিজে থেকে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিতে পারে না। তবে তারা রোহিঙ্গাদের পরিচিতিকে স্বীকৃতি প্রদান, তাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সুরক্ষায় নিজেদের সদিচ্ছা প্রমাণ করতে পারে। অন্যদিকে, প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্পৃক্ততার অর্থ এই নয় যে, রোহিঙ্গারা স্বয়ংক্রিয়ভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যাবে। তবে এর মাধ্যমে ‘আরাকান আর্মি’ যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এতে তাদের উত্তরাধিকারসূত্রে সামরিক জান্তার পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে না।
আরাকান আর্মির প্রধান ‘সোয়ান ম্রাত নাইং’ ইতোমধ্যেই জানিয়েছেন, তিনি রোহিঙ্গাদের ফিরে আসাকে সমর্থন করেন। এখন সংগঠনটির সামনে এটি দেখানোর সুযোগ এসেছে যে, তারা ভিন্নভাবে শাসনকার্য পরিচালনা করতে সক্ষম। তাদের বৈধতার দাবি শুধু শরণার্থীদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত নয়। বরং রোহিঙ্গাদের সঙ্গে তারা কেমন আচরণ করছে, এর ওপর ভিত্তি করেই তাদের বৈধতা নির্ধারিত হওয়া উচিত।
এশিয়া টাইমস অবলম্বনে মোতালেব জামালী