ব্রাজিলে তারা লাখ লাখ সংখ্যায় অনলাইনে একত্র হয়েছে। সেখানে তারা ভিডিও শেয়ার করেছে এবং মিম ছড়িয়েছে। সার্বিয়ায় তারা ইউরোপজুড়ে সাইকেল চালিয়েছে। নিজেদের কথা মানুষকে শোনাতে তারা আলট্রা ম্যারাথনেও দৌড়েছে। গত মাসে এই দুটি আন্দোলনই আন্তর্জাতিক মহলের নজরে আসে। নির্বাচনি প্রচারণার সময় স্বৈরাচারবিরোধী প্রতিরোধে এই আন্দোলনগুলো মূল ভূমিকা রেখেছিল।
হার্ভার্ড কেনেডি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনোওয়েথ বলেন, ‘জেন-জি জেগে উঠছে।’ তিনি আরো বলেন, ‘এটি একদম পরিষ্কার যে জেন-জির একটা বড় অংশ এখন ক্লান্ত। তাদের রাজনৈতিক ব্যবস্থাগুলো ব্যর্থ হচ্ছে। আর তারা চুপচাপ পাশে বসে তা দেখতে রাজি নয়।’
গবেষকরা বিশ্বজুড়ে অন্তত ২৫টি বিক্ষোভের তথ্য নথিভুক্ত করেছেন। ১৪ থেকে ২৯ বছর বয়সি এই তরুণরা এসব বিক্ষোভে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশ থেকে বেলজিয়াম আর ইতালি থেকে ভারত, সবখানেই একই চিত্র। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ হলো এই জেন-জি। মনে হচ্ছে, তারা নিজেদের কণ্ঠস্বর খুঁজে পেয়েছে।
তাদের রাস্তায় নামার কারণগুলো ছিল ভিন্ন ভিন্ন। কেউ দুর্নীতি আর অসম অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আবার কেউ শিক্ষায় আরো বিনিয়োগ এবং সাশ্রয়ী আবাসনের দাবি তুলেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও ছিল তাদের।
সাড়া জাগানো প্রথম দিকের অনেক বিক্ষোভ হয়েছিল এশিয়া এবং আফ্রিকায়। ২০২৪ সালে বাংলাদেশের ঢাকার শিক্ষার্থীরা বিশ্ব সংবাদমাধ্যমের শিরোনাম হয়। তারা এমন কিছু করে দেখিয়েছিল, যাকে জেন-জির নেতৃত্বে বিশ্বের প্রথম সফল বিপ্লব বলা হচ্ছে।
বিক্ষোভটি শুরু হয়েছিল একটি কোটা আইনকে কেন্দ্র করে। তবে খুব দ্রুতই তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষে রূপ নেয়। দুই মাস পর শেখ হাসিনা পদত্যাগ করেন এবং হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালান। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তরুণ বিক্ষোভকারীরা তাকে দেশছাড়া করেছিল।
এর দুই বছর পর, সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে সার্বিয়ায় আরেকটি বিপ্লবের নেতৃত্ব দেয় শিক্ষার্থীরা। সেখানে সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছিল এবং প্রতিষ্ঠানগুলো দলীয় অনুগতদের দিয়ে ভরে ফেলেছিল। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। গত মাসের শেষের দিকে সার্বিয়ার এই ছাত্র আন্দোলন নির্বাচনে আলেকজান্ডার ভুসিচকে ক্ষমতাচ্যুত করে। এর মাধ্যমে তার দলের ১৪ বছরের শাসনের অবসান ঘটে।
বিশ্লেষক কেইট ড্যালেয়ার এবং সেবাস্তিয়ান ডিটজেন সম্প্রতি একটি লেখা লিখেছেন। সেখানে তারা মার্কিন নাগরিক অধিকার আন্দোলন এবং ২০১১ সালের আরব বসন্তের উদাহরণ টেনেছেন। তারা লিখেছেন, শিক্ষার্থী ও তরুণরা দীর্ঘদিন ধরেই পরিবর্তনের আন্দোলনে সামনের সারিতে রয়েছে।
তারা বলেন, ‘বর্তমান আন্দোলনের বিশেষত্ব হলো মানুষকে একত্র করার অবকাঠামো। টিকটক এবং এক্স ক্ষোভগুলোকে আরো বড় করে তোলে এবং দ্রুত ছড়িয়ে দেয়। ডিসকর্ড সার্ভার এবং গ্রুপ চ্যাটের মাধ্যমে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই পরিকল্পনা করা যায়। আর ইন্টারনেট বন্ধ করে দিলে আয়োজকরা ভিপিএন এবং মিররড কনটেন্ট ব্যবহার করে তা এড়িয়ে চলেন।’
রাস্তায় তরুণদের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের এই শক্তিশালী সমন্বয় ব্রাজিলেও কাজ করেছে। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার ফিরে আসতে এবং জয়ী হতে এটি সাহায্য করেছিল। প্রথম দফায় ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারোর কাছে বড় হারের পর দেশের বামপন্থি রাজনীতিতে হতাশা নেমে এসেছিল।
পরিস্থিতি বদলে যায় যখন ফ্লুমিনেন্স ফেডারেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা লুলার পক্ষে মিছিল বের করে। এর ফলে সারা দেশে একই ধরনের কর্মসূচির ঢেউ ওঠে। এর পরপরই কংগ্রেস সদস্য এবং লুলার মিত্র ৪২ বছর বয়সি আন্দ্রে জানোনেস ‘লুলা’স আর্মি’ নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লুলার পক্ষের প্রচারণা বাড়াতে সেখানে লাখ লাখ মানুষ যুক্ত হয়।
জয়ের রাতে লুলা তরুণদের এই শক্তির স্বীকৃতি দেন। তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য ব্রাজিলের যেসব তরুণ রাস্তায় নেমে এসেছিল, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’
এই বক্তব্যের মাধ্যমে জেন-জির বেড়ে ওঠার বৈশ্বিক প্রেক্ষাপটটিই উঠে এসেছে। তারা এমন একসময়ে বড় হয়েছে, যখন বিশ্ব নানা সংঘাতে জর্জরিত। এর মধ্যে রয়েছে ইসরাইল-গাজা যুদ্ধ, তীব্র হতে থাকা জলবায়ু সংকট এবং জাতীয়তাবাদের উত্থান। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক ব্যবস্থা যেসব নিয়মের ওপর দাঁড়িয়ে ছিল, সেগুলোও এখন ভেঙে পড়ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ ইউরোপেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ফ্রান্সের স্কুলশিক্ষার্থীরা কাজের ভালো পরিবেশের দাবিতে আন্দোলন করছে। স্পেনের তরুণরা সাশ্রয়ী আবাসনের দাবিতে তাঁবু গেড়ে অবস্থান নিয়েছে। জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তারা শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু রক্ষায় আরো বিনিয়োগের দাবি জানিয়েছে। এই আন্দোলনের আয়োজন করেছে একটি দল, যারা নিজেদের ‘জেন-জি রেগেল্ট!’ বা ‘জেন-জি এর সমাধান করবে’ বলে পরিচয় দেয়।
বিশ্লেষকরা দ্রুতই এই বিক্ষোভগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন। প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন আরানচা গঞ্জালেজ ইতালীয় সংবাদপত্র করিয়ের ডেলা সেরাকে এ বিষয়ে বলেন। তিনি বলেন, ‘কারণগুলো আলাদা হতে পারে, কিন্তু সবার মূলে একই স্ফুলিঙ্গ কাজ করছে। আর তা হলো সামাজিক চুক্তির ভেঙে পড়া। ইউরোপে অর্থনীতি যে মানুষের কল্যাণ এবং সামাজিক সাম্য নিশ্চিত করে, সেই ধারণাটি ভেঙে চুরমার হয়ে গেছে।’
মোহভঙ্গের একই সুর দেখা যায় ভারতের ‘ককরোচ’ আন্দোলনেও। এটি অনলাইনে একটি ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে শুরু হয়েছিল। পরে তা নরেন্দ্র মোদির শক্তিশালী সরকারের বিরুদ্ধে একটি বড় শক্তিতে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তিতে এবং গণতান্ত্রিক আদর্শে বলীয়ান হয়ে এই আন্দোলন এগিয়েছে। গত গ্রীষ্মে ককরোচের নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। তখনই এই আন্দোলনের শক্তি স্পষ্ট হয়ে ওঠে।
ভারতের নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপও সমানভাবে চোখে পড়ার মতো ছিল। তারা হাজার হাজার মানুষকে আটক করেছে, টিয়ার শেল ছুড়েছে এবং লাঠিপেটা করেছে। অক্টোবরে বিক্ষোভকারীরা যাতে মধ্য দিল্লিতে জড়ো হতে না পারে, সেজন্য কর্তৃপক্ষ চরম পথ বেছে নেয়। তারা রাস্তায় ব্যারিকেড দেয় এবং ইন্টারনেট ও গণপরিবহন বন্ধ করে দেয়।
এটি তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভের আরেকটি দিক তুলে ধরে। গবেষণায় দেখা গেছে, এ ধরনের বিক্ষোভগুলো সাধারণত অনেক বেশি দমন-পীড়নের মুখে পড়ে। ২০২৪ সালে বাংলাদেশে বিক্ষোভের পর জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা একটি তথ্য জানান। তারা বলেন, ওই ঘটনায় ১৪০০ জনের মতো মানুষ নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারান। এ ছাড়া আহত হয়েছিলেন আরো হাজার হাজার মানুষ।
বিশ্বজুড়ে নাগরিক স্বাধীনতা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা সিভিকাস সম্প্রতি একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, ‘যেহেতু জেন-জির বিক্ষোভগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার বণ্টন নিয়ে প্রশ্ন তোলে, তাই এগুলো বরাবরই রাষ্ট্রীয় সহিংসতার শিকার হয়।’ তরুণ বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ জানায়। আর এ কারণেই তাদের ওপর সহিংসতা চালানো হয় বলে সংস্থাটি উল্লেখ করেছে।
মরক্কোতে ২০২৫ সালে ‘জেন-জি-২১২’ নামে একটি আন্দোলন হয়েছিল। দুর্নীতি, অবহেলিত জনসেবা এবং সুযোগের অভাব নিয়ে তারা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। ওই আন্দোলনের পর ২০০০ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং অনেককে কঠোর কারাদণ্ড দেওয়া হয়। এর কয়েক সপ্তাহ পর মেক্সিকোতে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। সেখান থেকে কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়।
এই দুটি আন্দোলনের ফলাফল থেকে বোঝা যায়, জেন-জির সব বিক্ষোভ সমানভাবে সফল হয় না। তবে কখনো কখনো একটি আন্দোলনের তৈরি করা ভিত্তি থেকে নতুন আন্দোলনের জন্ম হয়। যুক্তরাষ্ট্রে আজকের তরুণদের সংগঠিত হওয়ার পেছনে ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের বড় প্রভাব রয়েছে। ওই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী গ্রেপ্তার, বহিষ্কার এবং সাময়িক বরখাস্তের শিকার হয়েছিলেন। ক্যাম্পাসে শিক্ষার স্বাধীনতা সংকুচিত হওয়ার পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয় বিক্ষোভবিরোধী নীতিমালাও চালু করেছিল।
তা সত্ত্বেও শিক্ষার্থীরা পরিবর্তনের জন্য চাপ দিয়ে যাচ্ছে। গত মাসে নর্থ ক্যারোলাইনায় শত শত শিক্ষার্থী প্রচণ্ড গরমের মধ্যে মিছিল করে ভোটকেন্দ্রে যান। তাদের ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করতে না দেওয়ার প্রতিবাদে তারা এটি করেন। অন্যদিকে কর্নেল সেভেনের ধর্ষণের অভিযোগের ঘটনার প্রতিবাদে সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করেছেন, বিক্ষোভ করেছেন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন।
হার্ভার্ড কেনেডি স্কুলের চেনোওয়েথ উল্লেখ করেছেন, তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভের এই ঢেউ বিশ্ব রাজনীতিতে এক গভীর প্রজন্মগত পরিবর্তনের সূচনা করতে পারে। তার মতে, এই পরিবর্তন বিশ্বজুড়ে গণতন্ত্রের পিছু হটার প্রবণতাকে রুখে দিতে সক্ষম হতে পারে।
তবে প্যারিসের উত্তরের এক শহরতলির ১৭ বছর বয়সি হাই স্কুলছাত্র বিলাল নারজিসি অ্যাসোসিয়েটেড প্রেসকে ভিন্ন এক সত্যের কথা বলেছেন। তার মতে, তরুণদের আন্দোলনের এই বিস্ফোরণ এমন একটি বৃহত্তর সত্যের ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল।
তিনি বলেন, ‘আমরা সবাই একটি বিষয়ে একমত। আর তা হলো, তরুণদের সঙ্গে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বাচ্চাদের মতো আচরণ করা হয় এবং তাদের কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনা হয় না।’
গার্ডিয়ান উইকলি অবলম্বনে জুলফিকার হায়দার