কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা একটি কার্টুনে নিজের কপালের দিকে বন্দুক তাক করা অবস্থায় দেখানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক ব্যঙ্গচিত্রের নামে এ ধরনের চিত্রায়ণ সহিংসতাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা কি না।
বুধবার নিজের ফেসবুক পোস্টে কার্টুনটির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন। কার্টুনে তার মাথায় বন্দুক তাক করার চিত্র সেই হুমকিরই প্রতিফলন বলে মনে হচ্ছে।
ফেসবুক পোস্টে ফুয়াদ লেখেন, ‘ধন্যবাদ কার্টুনের জন্য আমাকে উপযোগী মনে করবার জন্য। তবে মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে আসলে কি বলবার চেষ্টা করা হচ্ছে? কপাল বরাবর গুলী করে হত্যাযোগ্য করা?’
তিনি আরও লেখেন, ‘যেটা এখন আওয়ামী লীগের লোকজন প্রতিনিয়ত হুমকি আকারে বলছে।’ এটি ঠিক সেই ধরনের হুমকি।
সৃজনশীল প্রকাশের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছেন ফুয়াদ।
তিনি বলেন, ‘প্রশ্ন হলো সৃজনশীল আর্টকে কি সন্ত্রাসবাদে রুপান্তর করা হচ্ছে? অতীত ইতিহাসে দেশে-বিদেশে এগুলোর খারাপ পরিনতি সম্পর্কে আমরা অবগত। আশা করছি কার্টুনিষ্ট এটার ভয়াবহতা বিবেচনাতে নিবেন।’
এর আগে মেহেদী হকের রাজনৈতিক কার্টুনের বক্তব্য নিয়েও সমালোচনা হয়েছে। গত ১৭ জুলাই ডেইলি ওয়াদায় প্রকাশিত ‘The pencil and the prison of ‘indoctrinated’ ideas’ শিরোনামের এক মতামতধর্মী নিবন্ধে তার সাম্প্রতিক কিছু কার্টুনের সমালোচনা করা হয়।
ওই নিবন্ধে বলা হয়, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে গড়ে ওঠা রাজনৈতিক বিভাজনের ধারণা মেহেদীর সাম্প্রতিক কিছু কার্টুনেও প্রতিফলিত হয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ইসলামপন্থিদের ক্ষমতা দখলের চিত্র তুলে ধরে মেহেদী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও ভারতের কিছু সংবাদমাধ্যমে প্রচারিত একটি বয়ানকে শক্তিশালী করেছেন।
ওই বয়ানে বাংলাদেশের বৈচিত্র্যময় রাজনৈতিক বাস্তবতাকে ‘ধর্মনিরপেক্ষ কর্তৃত্ববাদ অথবা তালেবান’—এমন দুটি বিকল্পের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরোধিতাকে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে এক করে দেখানো হয়েছে বলে নিবন্ধটিতে উল্লেখ করা হয়।
গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও মেহেদীর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা হয় নিবন্ধে। এতে জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত এবং পরবর্তী বিচারিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরা হয়।
সূত্র: ডেইলি ওয়াদা