আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আরও একবার ঐক্যবদ্ধ করবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না; বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সেই সময়টিকে সামনে রেখে একটি মহল দেশে পরিকল্পিতভাবে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব? এসব সন্ত্রাসের মাধ্যমে তারা আদতে কী অর্জন করতে চায়?’
তিনি আরও বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতিতে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের ন্যূনতম বোধোদয় হয়নি। এ ধরনের সহিংসতা চালিয়ে রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ নেই; বরং এই নৈরাজ্যের কারণে তাদের নিরীহ ও অরাজনৈতিক সমর্থক ও নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে সরকারের সংঘাত-সংঘর্ষের ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, সংঘাতের এই রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কোনো কল্যাণ বয়ে আনে না।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করা গেলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন করে রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না।’ জনকল্যাণমূলক বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন চলছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এই ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে তাঁদের আন্দোলনের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়াবে এই আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা। যত বেশি সন্ত্রাস করা হবে, দলটি জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জি (Gen-Z) প্রজন্মই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের এই সহিংসতার কারণে তাদের প্রতি সহানুভূতিশীল ও আড়ালে থাকা সমর্থকরাও মারাত্মক বিপাকে পড়বেন।
সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে কড়া প্রশ্ন তুলে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকারকে বলতে চাই, আপনাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো কি গোয়েন্দা সংস্থাগুলোর আগে থেকে জানা ছিল না? এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দিতে হবে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি মনে করে তারা একাই পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না, তবে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে এবং ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্পূর্ণ দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই নিতে হবে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।
এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহন বিষয়ক সম্পাদক প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা এবং শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।