সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি—সব মিলিয়ে সরকার দেশকে একটি কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।’
সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো দৃশ্যমান কোনো সুশাসন বা উন্নতি দেখা যাচ্ছে না। তৈরি পোশাকশিল্প ও জনশক্তি রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। বিশেষ করে একটি বেতন কাঠামোকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে যে আন্দোলন শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।
সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যদিকে, অভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাবে বিরোধী দলও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতি পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধের প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন। একই সঙ্গে বিরোধী দল যেন সংসদ ও রাজনৈতিক পরিসরে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সেই অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সরকারের জরুরি দায়িত্ব।
সভায় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন— যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, রাজশাহী অঞ্চলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাঈদ নোমান, বরিশাল অঞ্চলের সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মিয়া মো. তৌফিক, সড়ক ও যোগাযোগবিষয়ক সম্পাদক প্রকৌশলী ড. শাহেদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক আবু হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ এবং স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ প্রমুখ।