হোম > রাজনীতি

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

স্টাফ রিপোর্টার

‘বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক রাজনীতির প্রবক্তা বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকলেও ১২১তম বঙ্গভঙ্গ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ে কোনো কর্মসূচি পালন না করায় এটি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিচর্চার প্রতি চরম উদাসীনতার বহিঃপ্রকাশ।’ জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ এই মন্তব্য করে বলেন, বঙ্গভঙ্গ বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক আত্মপরিচয় ও বাংলাদেশি জাতীয়তাবাদের ঐতিহাসিক বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ‘বাংলাদেশপন্থী’ রাজনীতির অন্যতম প্রধান প্রেরণা ও সূতিকাগার।

শুক্রবার সন্ধ্যায় ১২১তম বঙ্গভঙ্গ দিবস উপলক্ষ্যে জেডিপির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ আরও বলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদকে তাদের রাজনৈতিক আদর্শের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে দাবি করে। অথচ এই জাতীয়তাবাদের ঐতিহাসিক পটভূমি অনুধাবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বঙ্গভঙ্গ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কিংবা দলীয় পর্যায়ে কোনো কর্মসূচি চোখে পড়েনি। জাতীয় ইতিহাসের এত বড় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যথাযথভাবে স্মরণ না করা অত্যন্ত হতাশাজনক।

১৯০৫ সালের বঙ্গভঙ্গকে কেবল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রশাসনিক পুনর্বিন্যাস বা নিছক বাংলা ভাগের ঘটনা হিসেবে দেখলে এর ঐতিহাসিক গুরুত্ব পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বঙ্গভঙ্গের মধ্য দিয়েই মূলত পূর্ববাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তৎকালীন পূর্ববাংলা ও আসামকে নিয়ে গঠিত নতুন প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন এবং ঢাকাকে রাজধানী করার মাধ্যমে এই অঞ্চলের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছিল।

বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জেডিপির আহ্বায়ক বলেন, ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন কংগ্রেস ও বঙ্গভঙ্গবিরোধী বিভিন্ন পক্ষ শোক পালন, রাখীবন্ধন, উপবাস ও কর্মবিরতির মতো কর্মসূচি গ্রহণ করেছিল। তাঁর মতে, বঙ্গভঙ্গবিরোধী সেই আন্দোলনের ধারা থেকেই পরবর্তীতে উগ্র রাজনৈতিক পরিচয়ের উত্থান ঘটে। তবে পূর্ববাংলা ও আসাম প্রদেশের সাধারণ মানুষের কাছে বঙ্গভঙ্গের বিষয়টি কেবল ধর্মীয় পরিচয়ের বিষয় ছিল না। তাঁর ভাষ্যমতে, এ অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া মুসলিম সমাজ এবং দলিত হিন্দুদের একটি বড় অংশ নিজেদের ভাগ্যের উন্নয়ন ও দীর্ঘদিনের বৈষম্য দূর করার সম্ভাবনার কথা চিন্তা করেই বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিয়েছিল।

বঙ্গভঙ্গ রদের অভিজ্ঞতা এবং পরবর্তী উপমহাদেশের সাম্প্রদায়িক ও রাজনৈতিক মেরুকরণ মুসলমানদের পৃথক রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগের মধ্য দিয়ে পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়। পরবর্তীতে রাজনৈতিক বৈষম্য, স্বাধিকার আন্দোলন ও মুক্তিসংগ্রামের রক্তাক্ত ধারাবাহিকতায় ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বঙ্গভঙ্গকে পূর্ববাংলার স্বতন্ত্র রাজনৈতিক আত্মপরিচয়ের বিকাশের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা উচিত।

বঙ্গভঙ্গের সময় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন স্মরণ করিয়ে দিয়ে নাঈম আহমাদ বলেন, যদি বঙ্গভঙ্গ রদ করা না হতো, তবে হয়তো ১৯৪০-এর দশকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যউদ্যয় ঘটতে পারত। তাঁর মতে, তৎকালীন প্রভাবশালী মহলের বাধার কারণেই সেই ঐতিহাসিক সম্ভাবনা নস্যাৎ হয়ে গিয়েছিল।

জেডিপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহতাব হোসেন সাব্বিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মোস্তফা শাহরিয়ার ও আবদুল হামিদ, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সুমন, যুগ্ম সদস্য সচিব শিহাব উদ্দিন ও সোহরাব আলী, দপ্তর সম্পাদক ইভান এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আল আমিন প্রমুখ।

ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল: সিবগাতুল্লাহ

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

পীর-ফকিরের দরবারে ধরনা দিয়ে লাভ হবে না, সরকারকে গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্তিসহ কেন্দ্রীয় জামায়াতের একগুচ্ছ সিদ্ধান্ত

রিয়াদে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের খোঁজখবর নিলেন এনসিপি নেতারা

সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ—‘এটাই কি আই হ্যাভ আ প্ল্যান’

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা