জাগপা নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে সফিকুল ইসলাম
বিএনপি ক্ষমতায় আসলে প্রবাসীরা এবার রেমিট্যান্স বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম বলেছেন, বিএনপি দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়ে ছিলো, তাই অতীতের দুর্নীতির কারণে দেশের জনগণ ও প্রবাসীরা এবং যুবক ভোটাররা তাদের ভোট দিবে না।
সোমবার বিকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর বিরুদ্ধে অপপ্রচার, ছাত্রদলের ছুরি আঘাতে গাজীপুরে নারী ব্যবসায়ী হত্যা এবং সারাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও গণভোটের "হ্যাঁ"র পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান এর এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে দেশী-বিদেশী অশুভ শক্তি অপপ্রচার চালাচ্ছে। আমীরে জামায়াতের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ে রাষ্ট্রপতির দপ্তরের ইমেইল ব্যবহার করেছে বলে আমরা জানতে পেরেছি। এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক। একই ভাবে গত এক সপ্তাহ ধরে রাশেদ প্রধান এর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ হ্যাকিং করার চেষ্টা করা হচ্ছে এবং ফোন কলে আড়িপাতা হচ্ছে। যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনকে হেন্ত করার অপচেষ্টা। আমরা বিএনপির নেতাকর্মীদের এধরণের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, দেশবাসী মনে করে বিএনপির বর্তমান সন্ত্রাসী কর্মকান্ড ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন ফ্যাসিবাদ কায়েম করবে। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের আহ্বান সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা গ্রহণ না করলে নির্বাচনি পরিবেশ নষ্ট হবে এবং ভোটাররা ভীতসন্তোষত হয়ে পড়বে।
তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, অগণিত লাশ আর বহু রক্তের বিনিময়ে ২৪'র জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে শোষণ, বঞ্চনা, ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছে। যে বিপ্লবের মূল লক্ষ্য ছিলো জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা সেই জুলাই চেতনাকে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিতে চাই। দেশের জনগণ চায় গণভোটের মাধ্যমে স্বীকৃতি পাক জুলাই সনদ। যেন ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ক্ষমতার অপব্যবহার না করতে পারে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে স্থানীয় প্রতিনিধি, সরকার এবং প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। সে লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি -২০২৬ গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত করার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির সদস্য সচিব এস এম জিয়াউল আনোয়ার, সদস্য নজরুল ইসলাম বাবলু, মো. সাব্বির আহমেদ প্রমুখ।