হোম > রাজনীতি

জনজীবনের জরুরি সংকটে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জনজীবনের জরুরি সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকার গঠনের ছয় মাস পর জনগণ আর কোনো অজুহাত শুনতে চায় না। নির্বাচিত সরকারের কাছে মানুষের যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে এখন বাস্তব কাজের মাধ্যমে দায়িত্বের প্রমাণ দিতে হবে।

শুক্রবার রাজধানীর ফার্মগেটের ফ্লেমিংকো কনভেনশন সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে প্রায় তিন শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন।

সাইফুল হক বলেন, অসহনীয় বেকারত্ব দ্রুত দূর করা না গেলে দেশে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধপ্রবণতা আরও বাড়বে। বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনা আর কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। মানুষের জানমাল, জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনো মানুষ খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

পররাষ্ট্রনীতির প্রসঙ্গে সাইফুল হক সরকারের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করার ঘোষণাকে স্বাগত জানান। তিনি বলেন, শুধু ভারতের ক্ষেত্রেই নয়, সব পরাশক্তির সঙ্গে জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। ভারত বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে বাংলাদেশবিরোধী সব অপপ্রচার ও অপতৎপরতা বন্ধ করতে হবে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাত কোনোভাবেই বিদেশ-নির্ভর রাখা যাবে না। জাতীয় স্বাবলম্বিতার নীতিতে জাতীয় সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।

সাইফুল হক বলেন, নির্বাচিত সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের মতো আর কেউ যেন জনগণের ধৈর্যের পরীক্ষা না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুব সংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ’৬৯ ও ’৭০-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর গণঅভ্যুত্থান—প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলন ও সংগ্রামে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসসহ নানা প্রতারণা ও অনিশ্চয়তায় বহু যুবক বিপদে পড়েছেন, বেকারত্বের শিকার হয়েছেন এবং জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ হতাশা ও অনিশ্চয়তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ঐক্যবদ্ধ করে দেশের পরিবর্তন ও মানুষের মুক্তির সংগ্রামে শক্তিশালী বিপ্লবী শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্যসচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ ও ঢাকা উত্তরের যুব সংগঠক ইব্রাহিম হোসেন রনি।

সভায় দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, যুবসমাজের সংকট, কর্মসংস্থান, বৈষম্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। বক্তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ করে অধিকার, ইনসাফ ও মুক্তির সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও বিপ্লবী যুব সংহতির অকালপ্রয়াত সংগঠক শিবু মোহান্ত এবং নেপালে পার্বত্য সুনামিতে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা সেলিম উদ্দিনের

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক

দেশ পুনর্গঠনে সব দলের সুনির্দিষ্ট প্রস্তাব চান প্রধানমন্ত্রী: নজরুল ইসলাম

বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের

৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা জাতীয় কমিটির

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

ইউনানী মেডিকেল কলেজের সমস্যা সমাধানে সংসদে কথা বলব

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়