হোম > রাজনীতি

বিভিন্ন স্থানে খুলছে কার্যালয়, তৎপরতা বাড়াচ্ছে আ.লীগ

আমার দেশ ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন-পরবর্তী দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা বাড়ছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখানে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়ে ফুলের মালা দিতে দেখা গেছে।

কোথাও জাতীয় পতাকার সঙ্গে দলটির পতাকা উত্তোলন, ব্যানার টাঙানো, জয়বাংলা স্লোগান দেওয়াসহ মিছিল করেছে তারা। এছাড়া অনেক জায়গায় পরিত্যক্ত অফিস পরিষ্কার করে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে ব্যানার টাঙানো হয়েছে। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি।

এদিকে দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে পুলিশের সব ইউনিট-প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

বাহারুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নির্বাচনের পরদিন পঞ্চগড় থেকে এ ঘটনার শুরু। বিএনপির স্থানীয় এক নেতার উপস্থিতিতে জেলার আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খোলা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে।

ভিডিওতে দেখা যায়, পঞ্চগড় সদর বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। যদিও পরে তিনি দাবি করেন, এই কার্যালয় যে আওয়ামী লীগের তা তিনি জানতেন না।

গত ১৪ ফেব্রুয়ারি ধানমন্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়ে কিছুক্ষণ অবস্থান করেন কয়েকজন নেতাকর্মী। এরপর ২০ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দলটির কয়েকজন নারী কর্মী ধানমন্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে গিয়ে জাতীয় পতাকা টাঙিয়ে স্লোগান দিচ্ছেন।

এরপর গত এক সপ্তাহে চট্টগ্রাম, চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেতাগী ও পটুয়াখালীর দশমিনা উপজেলা কার্যালয় এবং খুলনায় কার্যালয় খুলে অবস্থান করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া নারায়ণগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, জামালপুর, রাজবাড়ীসহ আরো কয়েকটি এলাকায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বন্ধ থাকা কিছু কার্যালয় খোলার পর পরিষ্কার-পরিচ্ছন্ন করে দলীয় বিভিন্ন স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বেশকিছু জেলা ও উপজেলায় দলটির কার্যালয় খুললেও কিছু জায়গায় খোলার পরপর প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীরা এসে হামলা চালিয়ে কার্যালয় বন্ধ করে দিয়েছে।

যশোরে দুই অফিসে হাসিনা-মুজিবের ছবি

যশোরে আওয়ামী লীগের দুটি অফিসে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা। এর মধ্যে একটি দলের জেলা কার্যালয়। গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তিরা যশোর শহরের কেন্দ্রস্থল নেতাজী সুভাষচন্দ্র সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ব্যালকনিতে একটি ছোট ব্যানার ঝুলিয়ে দিয়ে যায়। এতে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি ছিল। এই খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে ব্যানারটি সরিয়ে নেয়।

এদিকে, ২০ ফেব্রুয়ারি তারাবির নামাজের সময় বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ৩০-৩৫ যুবক ঢুকে পড়ে। তারা কার্যালয়টিতে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা বলছেন, এই যুবকরা বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী।

নাঙ্গলকোটে অফিসে নিষিদ্ধ ছাত্রলীগের অবস্থান

কুমিল্লার বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়া ও নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের অফিসে গত বৃহস্পতিবার ও শুক্রবার ঢুকেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। কয়েকটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ নেতারা দলীয় অফিসে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছে । এ সময় তারা কার্যালয় পরিষ্কার করে কার্যক্রম শুরু করে।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ অফিস খুলে অবস্থান করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের নেতারা । পরবর্তী সময়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সেলিম আহমেদ আমার দেশকে জানান, ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। গত শুক্রবার আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।

কুড়িগ্রামে পরিত্যক্ত কার্যালয়ে আ.লীগের ব্যানার

গত বুধবার সকালে কুড়িগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার সকালে জেলা ছাত্রলীগের ৬-৭ জন নেতাকর্মী শাপলা মোড়স্থ জেলা দলীয় কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় তারা জয় বাংলাসহ নানা স্লোগান দেয়।

এ খবর ছ‌ড়িয়ে পড়‌লে বেলা ১২টার দি‌কে কুড়িগ্রাম জেলা বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থ‌লে উপস্থিত হন। এরপর ছাত্রলী‌গের লাগা‌নো জাতীয় পতাকা ও দলীয় ব‌্যানার অপসারণ ক‌রেন। প‌রে তারা টি‌নের প্রাচীর ভে‌ঙে ফেলেন এবং আগুন লাগিয়ে দেন।

পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, পুলিশের অগোচরে আকস্মিক ঘটনাটি ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় যারা চালুর চেষ্টা করেছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় আ.লীগ অফিসের তালা খুলে প্রবেশ

দেড় বছর বন্ধ থাকার পর গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলেন দলের নেতাকর্মীরা। এ সময় তারা কার্যালয়ে জাতীয় পতাকা টাঙান এবং শেখ মুজিব ও হাসিনার ছবিতে ফুলের মালা দেন। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও প্রচার হলে রাতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্ররা সেখানে গিয়ে দরজা ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়।

খুলনা সদর থানার ওসি মো. কবির হোসেন বলেন, রাতে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি। আমরা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের শনাক্ত করার চেষ্টা করছি।

কালকিনিতে কার্যালয় খুলে কাটা হলো কেক

মাদারীপুরের কালকিনি উপজেলায় আওয়ামী লীগের প্রধান কার্যালয় খুলে কেক কাটা হয়েছে। পরে দলীয় কার্যালয় খোলার বিষয়টি ফেসবুকে পোস্ট করা হয়।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা সুপ্রীতসহ বেশ কয়েকজন মিলে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে ভেতরে ঢোকেন। পরে তারা কার্যালয় পরিষ্কার করেন। এ সময় তারা কেকও কাটেন।

পূর্বধলায় কার্যালয়ে ‘শুভ উদ্বোধন’ ব্যানার

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ সম্বলিত একটি ব্যানার টাঙিয়েছে দলটির নেতাকর্মীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গতকাল রোববার সকালে উপজেলা সদরের পূর্বধলা বাজারের দলীয় কার্যালয়ের সামনে ব্যানারটি টানানো অবস্থায় দেখা যায়। ব্যানারে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কথা উল্লেখ রয়েছে।

পূর্বধলা থানার ওসি দিদারুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনায় কার্যালয়ে মুজিব-হাসিনার ছবি

বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানো হয়েছে। এরপর উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালাও খোলা হয়।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন আমার দেশের ব্যুরো অফিস, স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিরা।]

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

গণভোটের রায় না মানলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ: মামুনুল হক

আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে নারীদের ভূমিকা কম নয়

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়বে সরকার: গোলাম পরোয়ার

গ্যাস-বিদ্যুতের সংকটে হুমকি নয়, সমাধানের পথ দেখান: রিজভী

সংবাদ সম্মেলনের মাঝেই হঠাৎ অসুস্থ জামায়াত নেতা

জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার শিক্ষার্থীকে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সংবর্ধনা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান