পতিত আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হবে।
বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি সংশ্লিষ্ট জেলা শাখা জামায়াতের প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
এর আগে ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একই ইস্যুতে বুধবার ঢাকা বাদে সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।