হোম > রাজনীতি

বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং পুশইনের প্রতিবাদ

ঢাকায় রোববার বিক্ষোভ করবে বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে আগামীকাল রোববার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস। বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে।

গত শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার নির্বাহী সদস্যদের এক জরুরি পরামর্শসভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশেদুল আলম সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সহ-সভাপতি মাওলানা আতিকুল্লাহ, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, যুবনেতা আল আবিদ শাকের, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ অন্য নেতারা।

সভায় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। একদিকে বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে জনগণকে সুবিধা দেওয়ার কথা বলা হলেও, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং জনগণের সঙ্গে প্রকারান্তরে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনা দেশের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার জন্য উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি অবিলম্বে বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যহ্রাস এবং সীমান্তে পুশইনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আগামীকালের বিক্ষোভ কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় ঈদযাত্রায় সারা দেশে নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় উৎসবগুলোতে অব্যবস্থাপনার কারণে কোনো পরিবার যেন দুর্ঘটনা ও ভোগান্তির শিকার না হয়, সে লক্ষ্যে সরকারকে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

এসআর

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস