সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটি সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মসিউল আলমের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে আরও বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল বাতেন, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খালিদ আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আবদুল হক, সিনিয়র অ্যাডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) যেই আদর্শ নিয়ে এসেছেন এই আদর্শ অনুসরণ করে মানবাধিকার, ন্যায় বিচার এই দুটি আইনজীবীদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয় নিশ্চিত করতে আইনজীবী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহানবীর আদর্শে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা কোরআনের আয়াত তুলে ধরে বলেন, আইনজীবীদের শপথ নিতে হবে কোনো বিশ্বাসঘাতকের পক্ষে আমরা মামলায় লড়বো না, আমরা কোনো বাতিলের হাতকে শক্তিশালী করবো না। তিনি উপস্থিত আইনজীবীদের প্রেরণা দিয়ে বলেন, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের নামে অন্যায়ের সাথে আপস করা যাবে না। ন্যায়ের পক্ষে থাকতে মজলুমদের সহযোগিতা করতে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীরাতুন্নবী (সা.) মাহফিলের উদ্দেশ্য হতে হবে মহানবী (সা.) আদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করা।