হোম > রাজনীতি

রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের

বিশেষ প্রতিনিধি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। ইতোমধ্যে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত।

এরইমধ্যে এ সমাবেশ সফল ও ব্যাপক লোক সমাগমের জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী এটাই জামায়াতের বড় সমাবেশ হবে বলে জানা গেছে। এর আগে এটিএম আজহারের মুক্তি দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছিল দলটি।

এর আগে ২৯ মে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম স্বাক্ষরিত আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, ২১ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে গণ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ওই সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরাদ্দ প্রয়োজন।

উচ্চ আদালত থেকে মৃত্যুদণ্ডের রায় বাতিল ও সব অভিযোগ থেকে খালাসের রায়ের পরদিন ২৮ মে কারামুক্তি পান এটিএম আজহারুল ইসলাম। তাৎক্ষণিকভাবে শাহবাগ মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত শোকরানা সমাবেশে জামায়াত আমির ঘোষণা দিয়েছিলেন, 'এটা কোন সভা না। মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন। আমাদের এই ভাইয়ের বক্তব্য অচিরেই আরও বড় পরিসরে শুনব, এই ঢাকায়ই শুনব ইনশাআল্লাহ।'

সোহরাওয়ার্দীতে গণ সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়টি জানিয়ে ডিএমপির কাছে চিঠি দেওয়া হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে। বিস্তারিত দলের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানান এই নেতা।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আমার দেশকে বলেন, দলের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ব্যক্তিগতভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জামায়াতের জন্য ঐতিহাসিক একটি বিজয়। আওয়ামী ফ্যাসিবাদী সরকার মিথ্যা-সাজানো অভিযোগে তার ওপর যে জুলুম করেছে, সে বিষয়গুলো সমাবেশে তুলে ধরা হবে। একইভাবে জামায়াতের যেসব শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হবে।

তিনি আরও জানান, সমাবেশে ঢাকা ও আশপাশের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এ সমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে।

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ

সার সংকটে আমন চাষ ঝুঁকিতে, উদ্বেগ জামায়াতের

বিদ্যুৎ-জ্বালানি সংকটে উচ্চ পর্যায়ের সেল গঠনের প্রস্তাব বিরোধী দলের

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: হেফাজতে ইসলাম

মালয়েশিয়ার জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াতের প্রতিনিধিদল

কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাস করায় সরকারকে করুণ পরিণাম ভোগ করতে হবে: গোলাম পরওয়ার

মেয়র পদে লড়তে কুমিল্লা সিটির ভোটার তারিকুল

‘গুমের তদন্ত অভিযুক্ত বাহিনীর হাতে নয়, স্বাধীন প্রতিষ্ঠানের অধীনে দিতে হবে’

গাজী নজরুলকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন

গাজী নজরুলকে কোনো কমিটিতে না রাখলে দৃষ্টান্ত হয়ে থাকবে: জামায়াত আমির