হোম > রাজনীতি

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

আমার দেশ অনলাইন

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমিভিত্তিক সাতটি রাজনৈতিক দলের যে ঐক্যের প্রচেষ্টা চালানো হচ্ছে, তা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। হেফাজতে ইসলামের মতো একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো সংগঠনটির মূল আদর্শের পরিপন্থি উল্লেখ করে তিনি এই উদ্যোগকে ‘ভুল পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, ‘কোনোভাবেই এই ঐক্য সম্ভব বলে আমি মনে করি না। বাকি যদি কোনো মিরাকল বা অলৌকিক কিছু ঘটে যায়, তবে সেটার জন্য সাধুবাদ জানাব। তিনি জানান, হেফাজতে ইসলামের দায়িত্বে থাকা কিছু ব্যক্তি—যাঁরা নিজেরা সরাসরি রাজনীতি করেন না—হয়তো সরলতা, উদারতা বা অনভিজ্ঞতার জায়গা থেকে দলগুলোকে এক করার এ প্রয়াস চালিয়েছেন। তবে এই উদ্যোগ বর্তমান সময়ের কোনো বাস্তব চাহিদা নয় এবং হেফাজতে ইসলামের চরিত্রের সাথে এটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

হেফাজতের স্বাতন্ত্র্য তুলে ধরে তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সারাবিশ্বে একটি অরাজনৈতিক ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এই সংগঠনের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না এবং এটাই বাস্তব সত্য। যারা এই উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন, তা অতীতেও ভুল ছিল, এখনও ভুল এবং ভবিষ্যতেও ভুল হিসেবেই গণ্য হবে। এই ভুল পদক্ষেপের খেসারত একসময় আমাদের দিতে হতে পারে।’

তিনি আরো স্পষ্ট করেন যে, রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার বা ঐক্য গড়ার পূর্ণ অধিকার রয়েছে। ব্যক্তিগত বা দলীয়ভাবে যে কেউ আলোচনা চালিয়ে যেতে পারেন। তবে সেই প্রক্রিয়ার সঙ্গে হেফাজতে ইসলামের নাম বা তত্ত্বাবধান যুক্ত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দেশজুড়ে হেফাজতে ইসলামের সাধারণ নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সংগঠনটিকে এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলাকে কখনোই ভালো চোখে দেখবে না বলে তিনি সতর্ক করেন।

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির

জামায়াত জোটে কতদিন থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, শঙ্কা রয়েছে: আবদুল হালিম

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

এনসিপির সুপার সিক্সটিন কী, কারা আছেন

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে আবারো যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি

সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত

চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই ‘দিন আনে দিন খায়’: জামায়াত আমির