১১ দলীয় ঐক্য ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে যুব ও ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ যুবমিশন ও বাংলাদেশ ছাত্রমিশনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ডা. ইরান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার সুযোগ নেই। সরকারকে গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সরকারের প্রতি বিভিন্ন দাবি জানিয়ে তিনি আরও বলেন, তেল, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন, লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্লজ্জ দলীয়করণ বন্ধ, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের সম্পদ লুটপাট করে কোনো গোষ্ঠীকে ক্ষমতার ছত্রছায়ায় ব্যবসা-বাণিজ্য ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না।
আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ডাক দিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত, শোষণ-বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুব ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি আগামীকালের লংমার্চে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ৭ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করার আহ্বান জানান।
বাংলাদেশ যুবমিশনের আহ্বায়ক সালমান খান বাদশার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, যুবমিশনের যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলাম সজিব, কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলাম সোহাগ, ঢাকা মহানগর ছাত্রমিশনের আহ্বায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য সচিব মো. সিয়াম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, ছাত্রমিশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত এবং কেন্দ্রীয় সদস্য মো. আদেলুদ্দীন ও সাব্বির আহমেদ প্রমুখ।