বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ কখনো সফল হতে পারে না। বাংলাদেশের মানুষ অতীতেও বিভিন্ন সংকট ও ষড়যন্ত্র সফলভাবে মোকাবিলা করেছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।
সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বাংলাদেশি পরিচয় ধারণ করে সবাইকে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন। এই চেতনা ধারণ করে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে। দেশের মানুষের মধ্যকার এই ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পূজা উদযাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ ও সহায়তা সম্পূর্ণভাবে সরকারি নির্দেশনা এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে বণ্টন নিশ্চিত করতে হবে।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক বর্তমান সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। এই সমস্যা নিয়ন্ত্রণে এখনই কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পূজার সময় মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, জেলা ও পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসন্ন দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের প্রতিনিধিরা, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য।