নবীজির প্রদর্শিত পথে চলার জন্য ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এমন একটি দিন, যেদিন বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব হয়। তার শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং নবীজির প্রদর্শিত পথে চলার ক্ষেত্রে এ দিনটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।
তিনি বলেন, বিশ্বমানবতার কাছে হযরত মুহাম্মদ (সা.) অসাধারণ আলোকবর্তিকা এবং শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের প্রতীক। তার কালজয়ী আদর্শ, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি সহানুভূতি মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা হয়ে থাকবে।
রিজভী বলেন, কৈশোরকাল থেকেই মহানবী (সা.) মিথ্যার বিরুদ্ধে ছিলেন অকুতোভয়। তিনি কখনো আমানতের খেয়ানত করেননি এবং অন্যের উপকার করাকে পরম কর্তব্য হিসেবে গ্রহণ করেছিলেন। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার ক্ষেত্রেও তিনি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
তিনি আরও বলেন, পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে হযরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর পরিশ্রম, ত্যাগ ও সীমাহীন নির্যাতন সহ্য করেও তিনি তাওহিদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেন। আল্লাহ তা’আলা তার ওপর পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ করেন, যা মানবজাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির নির্দেশনা দেয়।
মহানবী (সা.)-এর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলমানরা শৃঙ্খলিত জীবনের মুক্তি, মানবতা প্রতিষ্ঠা এবং নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায় বলেও উল্লেখ করেন রিজভী।
বাণীতে তিনি শেষ নবী ও সাইয়্যেদুল মুরসালিন হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি সালাম জানান এবং ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
বিএনপির দোয়া মাহফিল বুধবার
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির উদ্যোগে বুধবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।