দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না আওয়ামী লীগের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবে না বলে তিনি সতর্ক করেন।
আওয়ামী লীগের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। যুবদল যদি পাল্টা অগ্নিসংযোগ শুরু করে, তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিরাপদে থাকতে পারবে না। তিনি আরো উল্লেখ করেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সাথে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল দশটি হাত তুলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
বক্তব্যে, তিনি বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান দাবি করেন এবং খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনি হত্যার বিচার চান। তিনি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন, আর মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী দেশে থেকেই জনগণের পাশে আছেন।
সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপি বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি; বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে।
শেখ হাসিনাকে উদ্দেশ করে যুবদল সাধারণ সম্পাদক বলেন, গণভবনের দুর্ভেদ্য প্রাচীর, কাঁটাতার কিংবা এসএসএফ বাহিনীর স্বয়ংক্রিয় রাইফেল—কোনো কিছুই তাকে রক্ষা করতে পারেনি। সর্বশেষ আন্দোলনে ১৪০০ সাধারণ মানুষকে গুলি করে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বর্তমান সরকার যে-কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন, রাজপথে চোরাগুপ্তা হামলা ও যে-কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে সর্বদা প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাসিনা দেশে ফিরলে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবার তার কাছে স্বজনদের হিসাব চাইবে এবং শহীদের হত্যার বদলা নেওয়া হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সহ-সভাপতি জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড়, পুরানা পল্টন ও গুলিস্তান হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে মতিঝিলের বক চত্বরে গিয়ে শেষ হয়।