জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দেবে। একই উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিএনপির একের অধিক প্রার্থী দাঁড়ানোর কোনো সুযোগ নেই। যিনি সবচেয়ে জনপ্রিয় তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে। কোনোভাবেই এর ব্যতিক্রম করা হবে না। যেসকল ত্যাগী নেতারা মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনা করে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। ত্যাগী কোনো নেতাকেই বঞ্চিত করা হবে না।
শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, আওয়ামী লীগের সাথে জামায়াতের ব্যবধান আমাদের বুঝতে হবে। জামায়াতে ইসলামী তালিমের নামে তাদের নারী কর্মীদের মাঠে নামিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জামায়াতে ভোট দিলে জান্নাত যাওয়ার লোভ দেখায়। বিএনপি প্রার্থীর বাড়ির নারী ভোট তারা নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই বিএনপি নেতাকর্মী সবাইকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে।
দুলু আরো বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭টা বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্ব দিয়েছে। তিনি বলেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেয়া। বাংলাদেশের মানুষ যেনো এগিয়ে না যেতে পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এজন্য তারা আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদের সন্তানদের তারা মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে। আন্তর্জাতিক ষড়ন্ত্রকারীদের সাথে আতাঁত করে পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে গেছে।
অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান টুকুর দ্রুত সুস্থ্যতা কামনা ও নাটোর জেলা বিএনপির প্রয়াত আহবায়ক আমিনুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।