হোম > রাজনীতি > বিএনপি

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় মাঠে থাকবে বিএনপি

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন তারা।

বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে নেতারা এসব কথা বলেন।

এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা এবং রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখতে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা রাত-দিন রাজপথে অতন্দ্র প্রহরীর মতো অবস্থান নিয়েছেন। কোনো অপশক্তি জনগণের শান্তি বিনষ্ট করার দুঃসাহস দেখালে রাজপথেই তাদের চূড়ান্তভাবে প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, তৃণমূল থেকে মহানগর পর্যন্ত প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। নিষিদ্ধ সংগঠনটির কোনো সদস্য বা দুষ্কৃতকারী যাতে কোথাও জড়ো হয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি ও তদারকি করা হচ্ছে।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় বিএনপির এই কঠোর ও আপসহীন অবস্থান অব্যাহত থাকবে। যেকোনো ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা, গুপ্ত হামলা এবং জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাত-দিন রাজপথে কঠোর অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। মহানগর দক্ষিণের সুসংগঠিত সাংগঠনিক নেতৃত্বে রাজধানীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা পালাক্রমে নিজ নিজ এলাকায় নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রাখছেন।

যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিয়মিত সতর্ক অবস্থানের পাশাপাশি বিক্ষোভ মিছিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। বিশেষ করে রাতের বেলায় পাড়া-মহল্লা, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি জোরদার করা হয়েছে, যাতে কোনো দুষ্কৃতকারী গোষ্ঠী সংগঠিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়। পাশাপাশি প্রতিটি থানার শীর্ষ নেতারা নিজ নিজ আওতাধীন ওয়ার্ড ও ইউনিটের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

মাঠপর্যায়ের এই কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা একাধিক বিশেষ টিমে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা নিয়মিত প্রদক্ষিণ করছেন। তারা মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলছেন, প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।

মাঠপর্যায়ের সার্বিক তদারকি ও প্রতিরোধ কার্যক্রমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা রুখে দেওয়া হবে।

আ.লীগকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি যুবদলের

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

ভারতের দাসত্ব চায় আ.লীগ: শামসুজ্জামান দুদু

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে ইউট্যাবের নিন্দা

গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে পারবে না আ.লীগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল