দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে সরে যাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা প্রতিকূলতা ও প্রবাসজীবনের মধ্যেও দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন শুধু জাতীয় পর্যায়েই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছাতে সক্ষম হয়েছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা কিংবা শীতের প্রকোপ—প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে থেকেও তারেক রহমান নিয়মিত নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় অসহায় ও দুর্গত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে ‘সায়েন্স এক্সিবিশন’সহ নানা ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে সংগঠনটি।
রুহুল কবির রিজভী বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা দেওয়ার মতো মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এসব কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় সংগঠনটি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ দেশের প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।