ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন ৩২৩ মহিলা-২৩-এর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে বিএনপি ও জোটের পক্ষ থেকে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান।
সোমবার (২৬ অক্টোবর) দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এ ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
এরপর শূন্য আসনে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। সেই নির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হলো।