রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কেন্দ্রঘোষিত ‘দাওয়াতি মাস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য। প্রচলিত ব্যবস্থায় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শরীয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও মানবতার কল্যাণে ইসলামের সুমহান আদর্শের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
ফয়জুল করীম আরও বলেন, দাওয়াতি মাস কেবল আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নয়; বরং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সময় তিনি প্রতিটি দায়িত্বশীল ও কর্মীকে ব্যক্তিগত যোগাযোগ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে শতাধিক ব্যক্তি দলটিতে যোগদান করেন। তিনি নবাগতদের স্বাগত জানান এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল মজুমদার বলেন, দাওয়াতি মাসের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ড ও থানার দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য নেতারাও দাওয়াতি মাসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছাতে সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।