স্থানীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বরং দ্রুততার সঙ্গে নির্বাচন আয়োজন করা ও মানুষের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান এসব মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচনে নয়-ছয় করার কারণেই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে জনরোষ ফুঁসে উঠেছিল। তারই প্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এসেছে কিন্তু নির্বাচন নিয়ে বিএনপি সরকারের মধ্যেও অনীহা দৃশ্যমান। শুরু থেকেই স্থানীয় সরকারে নির্বাচন না দিয়ে প্রশাসক বসানো হয়েছে। এখন যখন নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তখন নানা ধরনের আইন ও রীতি দেখানো শুরু হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সরকারের দক্ষতার ঘাটতি দৃশ্যমান, কোনো কোনো ক্ষেত্রে সদিচ্ছার অভাবও পরিলক্ষিত হচ্ছে। একটি নতুন সরকার গঠন হওয়ার পরে কাজ গুছিয়ে নেওয়ার জন্য যে সময় পাওয়া দরকার তা এই সরকার পেয়েছে। এখন আর আগের সরকার বা আগের রেজিমের ওপরে দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নাই।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরি, প্রচার ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।